একসময় মমতার মঞ্চের পরিচিত মুখ, আজ শুভেন্দুর সভায় দেব! কোলাঘাটের প্রশাসনিক সভায় দেবের উপস্থিতি ঘিরে শুরু জোর রাজনৈতিক জল্পনা।

দেশ রাজনীতি

নিউজপোল ব্যুরো:পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশাসনিক সভাকে ঘিরে শনিবার সকাল থেকেই ছিল কৌতূহল । কোলাঘাটের বলাকা মঞ্চে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নিতে একে একে পৌঁছতে শুরু করেন বিভিন্ন রাজনৈতিক নেতা ও জনপ্রতিনিধিরা। তাঁদের উপস্থিতিতে সভাস্থলে বাড়ে উৎসাহ ও কৌতূহল।

সভায় যোগ দিতে উপস্থিত হন ঘাটালের সাংসদ ও অভিনেতা দেব। তাঁকে ঘিরে কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যায়। এর আগেই সভাস্থলে পৌঁছে গিয়েছিলেন কেশপুরের বিধায়ক শিউলি সাহা এবং মেদিনীপুরের সাংসদ জুন মালিয়া। তিন জনকেই মঞ্চের প্রস্তুতি ও প্রশাসনিক কর্মসূচি নিয়ে আলোচনায় ব্যস্ত থাকতে দেখা যায়। সূত্রের খবর, জেলার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প, পরিকাঠামো, জনপরিষেবা এবং স্থানীয় সমস্যার সমাধান নিয়ে এই সভায় গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। বিভিন্ন সরকারি দফতরের আধিকারিকরাও উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে। ফলে এটি শুধুমাত্র রাজনৈতিক কর্মসূচি নয়, প্রশাসনিক দিক থেকেও গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

সকাল থেকেই পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে নজরদারি চালানো হয়। সাধারণ মানুষের উপস্থিতিও ছিল অনেক বেশি। অনেকেই মুখ্যমন্ত্রীর বক্তব্য শোনার জন্য আগে থেকেই সভাস্থলে ভিড় জমান।
দেব, জুন মালিয়া এবং শিউলি সাহার উপস্থিতি সভাটিকে আরও আলোচনার কেন্দ্রে এনে দিয়েছে। এখন নজর মুখ্যমন্ত্রীর বক্তব্য ও সভা থেকে কী কী ঘোষণা সামনে আসে, সেদিকেই। কোলাঘাটের এই প্রশাসনিক বৈঠক ঘিরে জেলার রাজনৈতিক ও প্রশাসনিক মহলে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর আলোচনা।