কাশ্মীরে কেন গিয়েছিলেন রাজ চক্রবর্তীর ঘনিষ্ঠ কাউন্সিলর? হাওড়া স্টেশনে পুলিশের অভিযানের পর কাশ্মীর থেকে ফেরার পথে গ্রেফতার কাউন্সিলর

breakingnews অপরাধ রাজনীতি

নিউজপোল ব্যুরোঃ তোলাবাজির অভিযোগে ব্যারাকপুর পুরসভার এক কাউন্সিলরকে গ্রেফতার করল পুলিশ। হাওড়া স্টেশন থেকে তাঁকে আটক করার পর গ্রেফতার করা হয় । ধৃত নৌশাদ আলম ব্যারাকপুর পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। তিনি ব্যারাকপুরের প্রাক্তন বিধায়ক রাজ চক্রবর্তীর ঘনিষ্ঠ বলেও রাজনৈতিক মহলে পরিচিত।

স্থানীয় সূত্রে খবর, ভোটের ফল প্রকাশের পর থেকেই তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ সামনে আসতে শুরু করে। এলাকার বাসিন্দাদের একাংশ তোলাবাজি ও নানা ধরনের আর্থিক চাপ সৃষ্টির অভিযোগ করেন। এরপরই তদন্ত শুরু করে টিটাগড় থানার পুলিশ। তদন্তের অগ্রগতি সম্পর্কে জানতে পেরে নৌশাদ আলম রাজ্যের বাইরে চলে যান বলে দাবি তদন্তকারীদের। পুলিশের দাবি, তিনি কাশ্মীরে অবস্থান করছিলেন। পরে তিনি ফের রাজ্যে যখন ফিরছিলেন তখন গোপন সূত্রে খবর পায় পুলিশ। সেই তথ্যের ভিত্তিতে হাওড়া স্টেশনে নজরদারি চালানো হয়। ট্রেন থেকে নামার পর তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তোলাবাজির মামলায় তাঁকে গ্রেফতার করা হয়। এই ঘটনাকে ঘিরে ব্যারাকপুর এলাকায় চর্চা শুরু হয়েছে। স্থানীয়দের একাংশের দাবি, দীর্ঘদিন ধরেই বিভিন্ন অভিযোগ নিয়ে ক্ষোভ ছিল সাধারণ মানুষের মধ্যে।

রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের পর বিভিন্ন এলাকায় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে তদন্তে নেমেছে পুলিশ। প্রশাসনের দাবি, আইন সবার জন্য সমান এবং অভিযোগ প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। নৌশাদ আলমের গ্রেফতারের ঘটনায় এখন তদন্ত কোন দিকে এগোয়, সেদিকেই নজর রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের।