নিউজ পোল ব্যুরো: ভবানীপুর বিধানসভা এলাকায় ফের সাংগঠনিক বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার ভবানীপুর কেন্দ্রের সব কাউন্সিলর ও বুথ লেভেল এজেন্ট (বিএলএ)-দের সঙ্গে সরাসরি বৈঠক করছেন তিনি। এই বৈঠকে দলের কর্মীদের উদ্দেশে মুখ্যমন্ত্রী কী বার্তা দেন এবং ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল কীভাবে সাজানো হবে, তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে রাজনৈতিক মহলে।
আরও পড়ুন:Nipah Virus: বাংলায় থাবা বসাচ্ছে নিপা ভাইরাস? ২ জন আক্রান্তের খবরে মুখ খুলল বিশ্ব স্বাস্থ্য সংস্থা
এর আগেও গত ডিসেম্বরের মাঝামাঝি সময়ে ভবানীপুরের সমস্ত বিএলএ-২-দের নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সে সময় নিজের বিধানসভা কেন্দ্রের সাংগঠনিক শক্তি আরও মজবুত করার ওপর জোর দিয়েছিলেন তিনি। সেই ধারাবাহিকতাতেই ফের এই বৈঠকের আয়োজন করা হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ।
এদিনের বৈঠকটি আয়োজন করেছেন কলকাতা পুরসভার মেয়র ও তৃণমূল নেতা ফিরহাদ হাকিম (Firhad Hakim)। পাশাপাশি উপস্থিত থাকবেন রাজ্য তৃণমূলের সর্বভারতীয় সহ-সভাপতি সুব্রত বক্সীও। ভবানীপুর কেন্দ্রের রাজনৈতিক গুরুত্ব যে দিন দিন বাড়ছে, তা এই উচ্চপর্যায়ের উপস্থিতিতেই স্পষ্ট।
উল্লেখযোগ্যভাবে, ভবানীপুরে বিপুল সংখ্যক অবাঙালি ভোটার রয়েছেন। গুজরাটি, মারোয়ারি ও পঞ্জাবি সম্প্রদায়ের মানুষজন এখানে দীর্ঘদিন ধরে বসবাস করছেন। গত লোকসভা নির্বাচনে এই এলাকার একটি অংশের ভোট বিজেপির দিকে ঝুঁকেছিল বলে দাবি। সেই অভিজ্ঞতা মাথায় রেখেই ভবিষ্যৎ নির্বাচনে ভোট পরিচালনার রণকৌশল চূড়ান্ত করতে দ্বিতীয়বার এই বৈঠক ডাকা হয়েছে বলে মত রাজনৈতিক মহলের।
এই পরিস্থিতিতে, বিধায়ক হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) দলের কর্মীদের কী নির্দেশ দেন এবং কোন বার্তায় সংগঠনকে চাঙ্গা করার চেষ্টা করেন, সেদিকেই নজর সকলের। অন্যদিকে, ভবানীপুর কেন্দ্রকে ঘিরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর তৎপরতাও বাড়ছে। একাধিকবার তিনি ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করার দাবি তুলেছেন। এই প্রেক্ষাপটে মুখ্যমন্ত্রীর বক্তব্য ও কৌশল রাজনৈতিকভাবে বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
