Nipah Virus: বাংলায় থাবা বসাচ্ছে নিপা ভাইরাস? ২ জন আক্রান্তের খবরে মুখ খুলল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

দেশ

নিউজ পোল ব্যুরো: বছরের শেষ প্রান্তে বাংলায় নিপা ভাইরাসের (Nipah Virus) উপস্থিতি নতুন করে উদ্বেগ বাড়িয়েছিল। এই মারণ সংক্রামক রোগ ঘিরে আতঙ্ক ছড়িয়ে পড়ে শুধু রাজ্যে নয়, গোটা দেশেই। তবে পরিস্থিতি নিয়ে এবার স্বস্তির বার্তা দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। শুক্রবার প্রকাশিত এক বিবৃতিতে হু জানিয়েছে, ভারত তথা পশ্চিমবঙ্গে নিপা ভাইরাসের সংক্রমণ এখনও তুলনামূলকভাবে সীমিত। এই মুহূর্তে ভ্রমণ বা বাণিজ্যের ক্ষেত্রে কোনও ধরনের নিষেধাজ্ঞা আরোপের প্রয়োজন নেই বলেই জানিয়েছে সংস্থাটি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, অতীতেও নিপা (Nipah Virus) মোকাবিলায় ভারতের প্রস্তুতি ও সক্ষমতা প্রমাণিত হয়েছে। এবারও রাজ্য ও জাতীয় স্তরে জনস্বাস্থ্য সংক্রান্ত সমস্ত নির্দেশিকা মেনে পরিস্থিতি সামাল দেওয়া হচ্ছে। হু স্পষ্ট করেছে, এখনও পর্যন্ত মানুষ থেকে মানুষে নিপা সংক্রমণ ছড়ানোর কোনও প্রমাণ মেলেনি। যদিও সংস্থাটি সতর্ক করে জানিয়েছে, ভবিষ্যতে সংক্রমণ বাড়বে না এমন নিশ্চয়তা এখনই দেওয়া সম্ভব নয়।

আরও পড়ুন:Anandapur Fire: শোকের মিছিলে ডিজে! আনন্দপুর কাণ্ডে শুভেন্দুর কর্মসূচি ঘিরে তীব্র বিতর্ক

নিপা (Nipah Virus) সংক্রমণের খবর সামনে আসতেই হংকং, থাইল্যান্ড, তাইওয়ান, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ভিয়েতনাম ও নেপালের মতো একাধিক দেশ বিমানবন্দর ও সীমান্তে স্বাস্থ্য পরীক্ষা শুরু করেছে।

পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত দুই জন নিপা আক্রান্তের সন্ধান মিলেছে। দু’জনেই পেশায় নার্স একজন পুরুষ ও একজন মহিলা। তাঁরা বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন। ডিসেম্বরের শেষ দিকে সংক্রমণ ধরা পড়ে এবং জানুয়ারির শুরু থেকেই তাঁরা আইসোলেশনে আছেন। পুণের ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজি থেকে ১৩ জানুয়ারি পরীক্ষার রিপোর্ট আসে। ২১ জানুয়ারির আপডেট অনুযায়ী, পুরুষ নার্সের শারীরিক অবস্থার উন্নতি হলেও মহিলা রোগী এখনও আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, আক্রান্তদের সংস্পর্শে আসা সকল ব্যক্তির রিপোর্ট নেগেটিভ এসেছে, যা কিছুটা স্বস্তি দিয়েছে।

বাদুড় থেকেই মূলত নিপা ভাইরাসের সংক্রমণ ঘটে। বাদুড়ের লালা বা সংস্পর্শে এসে কুকুর, ঘোড়া, শূকর ও মানুষের শরীরে এই ভাইরাস ছড়াতে পারে। তাই ফল, খেজুর ও কাঁচা খেজুর রস খাওয়া থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। নিপা সংক্রমণে প্রথমে জ্বরের মতো উপসর্গ দেখা দিলেও, মস্তিষ্কে সংক্রমণ ছড়ালে তা প্রাণঘাতী হয়ে উঠতে পারে।

২০১৮ সাল থেকে কেরলে একাধিকবার নিপা ভাইরাসের উপস্থিতি ধরা পড়েছে। পশ্চিমবঙ্গে এটি তৃতীয়বার নিপা সংক্রমণের ঘটনা। এর আগে ২০০১ ও ২০০৭ সালে বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় নিপা আক্রান্তের খবর মিলেছিল। প্রতিবছরই প্রতিবেশী দেশ বাংলাদেশেও এই ভাইরাসের সংক্রমণের ঘটনা সামনে আসে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole