Muhammad Yunus: নিজের দেশকেই তোপ! ‘জালিয়াতিতে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন বাংলাদেশ’, বললেন ইউনূস

আন্তর্জাতিক

নিউজ পোল ব্যুরো: বিশ্বসেরার তকমা যে সব সময় গর্বের হয়, তা নয় এ কথাই কার্যত অকপটে স্বীকার করলেন বাংলাদেশের (Bangladesh) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস (Muhammad Yunus)। জালিয়াতির ক্ষেত্রে বাংলাদেশ এখন বিশ্বে শীর্ষে এমনই বিস্ফোরক মন্তব্য করলেন তিনি। এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই দেশজুড়ে শুরু হয়েছে তীব্র আলোচনা ও রাজনৈতিক বিতর্ক। বিশেষ করে, যখন বাংলাদেশে বইছে নির্বাচনী হাওয়া। আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন। অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষ হয়ে ফের নির্বাচিত সরকার আসার মুখে দাঁড়িয়ে এমন মন্তব্য নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ।

আরও পড়ুন: Water Supply Disruption : আগামী শনিবার দক্ষিণ কলকাতায় গার্ডেনরিচ জল সরবরাহ স্থগিত, দিনভর থাকবে পানীয় জলের সংকট

বুধবার ঢাকার শের-ই-বাংলা নগরে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ইউনূস (Muhammad Yunus) বলেন, এমন কিছু কাজ রয়েছে যার জন্য আজ বাংলাদেশের নাগরিকদের লজ্জায় মাথা নত করতে হয়। তিনি জানান, শুধু তিনি নন বিদেশে গিয়ে বহু বাংলাদেশিকেই এই লজ্জাজনক অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছে। সেই লজ্জার মূল কারণ ভুয়ো নথিপত্র তৈরি ও ব্যবহারের প্রবণতা।

ইউনূসের (Muhammad Yunus) কথায়, “একটা বিষয়ে বাংলাদেশ এখন পৃথিবীর চ্যাম্পিয়ন। সেটা হল জালিয়াতি। প্রায় সব কিছুই ভুয়ো ভিসা ভুয়ো, পাসপোর্ট ভুয়ো। এমন অবস্থা তৈরি হয়েছে যে অনেক দেশ আমাদের পাসপোর্ট গ্রহণ করতেও চাইছে না। আমরা যেন ভুয়ো নথির এক বিশাল কারখানায় পরিণত হয়েছি।”

তিনি আরও বলেন, এই ধরনের জালিয়াতির কারণে আন্তর্জাতিক মহলে বাংলাদেশের সম্মান ক্ষুণ্ণ হচ্ছে। প্রযুক্তির এই অপব্যবহার বন্ধ হওয়া জরুরি বলেও তিনি মত দেন। তাঁর পরামর্শ, যাঁরা এত নিখুঁতভাবে ভুয়ো নথি তৈরি করতে পারেন, তাঁদের মেধা যেন সৎ ও গঠনমূলক কাজে ব্যবহার করা হয়। ইউনূস স্পষ্ট ভাষায় বলেন, “আমরা চাই না আমাদের দেশ ভুয়োর আখড়া হিসেবে পরিচিত হোক। আমরা চাই মেধা, সততা আর পরিশ্রমের জোরে বিশ্বদরবারে মাথা উঁচু করে দাঁড়াতে।”

তবে এই মন্তব্যের পরই রাজনৈতিক মহলে শুরু হয়েছে সমালোচনার ঝড়। বিশেষ করে আওয়ামী লিগ ইউনূসের বক্তব্যকে হাতিয়ার করে তাঁর বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছে। নির্বাচনের প্রাক্কালে এই মন্তব্য বাংলাদেশের রাজনীতিতে নতুন উত্তাপ ছড়াল বলেই মনে করছেন পর্যবেক্ষকেরা।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole