নিউজ পোল ব্যুরো: বালোচিস্তানে (Balochistan) ফের সন্ত্রাসী হামলার ঘটনায় চরম অস্বস্তিতে পাকিস্তান (Pakistan)। একের পর এক আঘাতে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে। বালোচিস্তানে (Balochistan) সক্রিয় বিচ্ছিন্নতাবাদী সংগঠন বালোচ লিবারেশন আর্মি (বিএলএ) পাকিস্তানের কাছে দীর্ঘদিন ধরেই গলার কাঁটা হয়ে রয়েছে। কিন্তু সেই সমস্যা সামাল দিতে না পেরে ফের ভারতের দিকে আঙুল তুলল ইসলামাবাদ। শনিবার বালোচিস্তান-সহ পাকিস্তানের একাধিক জেলায় ঘটে যাওয়া সন্ত্রাসী হামলার দায় ভারতের উপর চাপিয়েছে পাকিস্তান সরকার। সে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভির দাবি, ভারতের মদতেই এই হামলাগুলি সংগঠিত হয়েছে।
পাকিস্তানের এই অভিযোগের তীব্র প্রতিবাদ জানাল নয়াদিল্লি। ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে পাকিস্তানের বক্তব্যকে খারিজ করে কড়া প্রতিক্রিয়া দিয়েছে সাউথ ব্লক। বিদেশমন্ত্রকের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, পাকিস্তানের আনা সমস্ত অভিযোগ সম্পূর্ণ অমূলক। ভারতের বিরুদ্ধে তোলা প্রতিটি দাবিকেই প্রত্যাখ্যান করা হচ্ছে। বিবৃতিতে আরও বলা হয়, নিজেদের অভ্যন্তরীণ ব্যর্থতা ও নিরাপত্তাজনিত দুর্বলতা আড়াল করতেই পাকিস্তান বারবার এই ধরনের মিথ্যা অভিযোগ তুলে আন্তর্জাতিক মহলের দৃষ্টি ঘোরানোর চেষ্টা করছে।
আরও পড়ুন: India Venezuela oil deal:ইরানের বদলে ভেনিজ়ুয়েলা থেকে তেল কিনবে ভারত: বড় ঘোষণা ট্রাম্পের!
বিদেশমন্ত্রকের তরফে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে, ভারতের উচিত বলে কিছু নয়, বরং পাকিস্তানেরই উচিত তাদের দেশের অভ্যন্তরে ক্রমবর্ধমান সন্ত্রাসবাদ ও অস্থিরতার মূল কারণগুলো চিহ্নিত করে তা দমনে কার্যকর পদক্ষেপ নেওয়া। বরাবরের মতোই বালোচ গোষ্ঠীর সশস্ত্র হামলার দায় ভারতকে দিচ্ছে ইসলামাবাদ, অথচ সেই অভিযোগের পক্ষে কোনও গ্রহণযোগ্য প্রমাণ তারা তুলে ধরতে পারেনি। উল্টো দিকে, আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তান-সমর্থিত সন্ত্রাসবাদের বিরুদ্ধে একাধিক তথ্যপ্রমাণ আগেই প্রকাশ করেছে ভারত।
পাকিস্তানের সরকারি সূত্রে জানা গিয়েছে, শনিবার একযোগে কোয়েটা, গোদার, মাসটুঙ, নুস্কি, দালবানদিন এবং পাঞ্জগুর-সহ একাধিক জেলায় সন্ত্রাসী হামলা চালানো হয়। ঘটনার পর পাকিস্তান সরকারকে হুঁশিয়ারি দিয়ে একটি ভিডিও প্রকাশ করে বালোচ (Balochistan) লিবারেশন আর্মি। শেহবাজ শরিফের সরকারের অনুমান, এই হামলার পিছনে বিএলএ-ই রয়েছে। পরিস্থিতি সামাল দিতে শনিবার থেকেই সেনা অভিযান শুরু করেছে পাকিস্তান। সেনার দাবি, এখনও পর্যন্ত অভিযানে ৯২ জন সন্ত্রাসবাদীকে নিকেশ করা হয়েছে।
