নিউজপোল ব্যুরো:দেশে ফিরতে চান বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিজের নিরাপত্তা নিয়ে গভীর আশঙ্কার কথাও জানিয়েছেন তিনি। এক সংবাদমাধ্যমকে দেওয়া টেলিফোন-সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেন, “আমি ফিরলে এয়ারপোর্টেও আমাকে হত্যা করতে পারে।”
বাংলাদেশকে নিজের দেশ বলে উল্লেখ করে তিনি প্রশ্ন তোলেন, তাঁকে কেন দেশে ফিরতে দেওয়া হবে না। একইসঙ্গে তাঁর দেশে ফেরার উদ্যোগের সঙ্গে যুক্ত ব্যক্তিদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। শেখ হাসিনার কথায়, “প্রত্যেকের জীবনের ঝুঁকি আছে। আমি দেশে ফেরার জন্য নির্দেশনা দিয়ে কাউকে বিপদে ফেলতে চাই না।”
আরও দেখুন :-সূর্য ওঠার আগেই ED অ্যাকশন, নাদিমুল হকের অফিসে তল্লাশি
বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন প্রাক্তন প্রধানমন্ত্রী। তাঁর দাবি, দেশে জঙ্গিবাদী শক্তির উত্থান ঘটছে এবং এর প্রভাব প্রতিবেশী ভারতেও পড়তে পারে। তিনি বলেন, “বাংলাদেশে জঙ্গিবাদীদের উত্থানের খেসারত ভারতকেও দিতে হবে।”
ভারতের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন শেখ হাসিনা। বাংলাদেশের নির্বাচন এবং তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে নয়াদিল্লির অবস্থান নিয়ে তিনি বলেন, ভারত সরকার কী ভেবে এই সিদ্ধান্ত নিয়েছে, তা তারাই ভালো বলতে পারবে।
দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আবেগপ্রবণ হয়ে শেখ হাসিনা আরও বলেন, “আমার তো হৃদয়ে রক্তক্ষরণ হয়, যখন দেখছি আমার দেশ ধ্বংস হয়ে যাচ্ছে।” দেশে ফেরার ইচ্ছা থাকলেও নিরাপত্তা পরিস্থিতিই তাঁর সামনে সবচেয়ে বড় উদ্বেগ বলে উঠে এসেছে সাক্ষাৎকারে।
