নিউজপোল ব্যুরো: সকাল হতেই বড়সড় অভিযানে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ নাদিমুল হকের সঙ্গে যুক্ত উর্দু সংবাদপত্র ‘আখবার-ই-মশরিক’ (Akhbar-e-Mashriq)-এর পার্ক সার্কাসের অফিসে তল্লাশি চালাচ্ছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। ভোরের আলো ফুটতে না ফুটতেই শুরু হওয়া এই অভিযানে গোটা এলাকা ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনী।
জানা গিয়েছে, তল্লাশির সময় অফিসের মূল দরজায় তালা লাগিয়ে দেওয়া হয়। এরপর ভিতরে ঢুকে নথিপত্র ও বিভিন্ন আর্থিক সংক্রান্ত তথ্য খতিয়ে দেখেন ED আধিকারিকরা। সংবাদপত্রটির ডিরেক্টর পদে রয়েছেন নাদিমুল হক।
আরও দেখুন :-আবাস যোজনায় ‘ভুয়ো উপভোক্তা’র অভিযোগ, দুর্গাপুরে তুমুল বিক্ষোভ
প্রাথমিক সূত্রের দাবি, সংবাদপত্রটির ব্যাঙ্ক অ্যাকাউন্টে বেশ কিছু আর্থিক লেনদেন নিয়ে অসঙ্গতির অভিযোগ সামনে এসেছে। সেই লেনদেনের সূত্র ধরেই তদন্তে নেমেছে ED। অভিযানের মাধ্যমে সংশ্লিষ্ট নথি ও আর্থিক তথ্য খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে।
‘আখবার-ই-মশরিক’ কলকাতার পাশাপাশি দিল্লি, রাঁচী, আসানসোল, শিলিগুড়ি, ভোপাল, লখনউ ও শ্রীনগর থেকেও প্রকাশিত হয় বলে জানা গিয়েছে। তদন্তের প্রয়োজনে নাদিমুল হককেও জিজ্ঞাসাবাদ করতে পারেন ED আধিকারিকরা। তবে অভিযান ও অভিযোগ নিয়ে তদন্তকারী সংস্থার তরফে বিস্তারিত কোনও আনুষ্ঠানিক বক্তব্য এখনও সামনে আসেনি।
