হলদিয়ায় ৬,০০০ কোটির শিল্প প্রকল্প, HPL-এর নয়া প্ল্যান্ট উদ্বোধনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

breakingnews রাজ্য

নিউজপোল ব্যুরো: রাজ্যের শিল্পক্ষেত্রে নতুন সম্ভাবনার দরজা খুলতে হলদিয়ায় বড় বিনিয়োগ করল হলদিয়া পেট্রোকেমিক্যালস লিমিটেড (HPL)। প্রায় ৬,০০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত ফেনল ও অ্যাসিটোন উৎপাদন কেন্দ্রকে ঘিরে আশাবাদী শিল্পমহল। এই প্রকল্পের হাত ধরে রাসায়নিক উৎপাদনে ভারতের সক্ষমতা বাড়ার পাশাপাশি বাংলায় কর্মসংস্থান ও সহায়ক শিল্পের বিকাশের সুযোগ তৈরি হতে পারে। কারখানাটির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর পাশাপাশি ছিলেন দ্য চ্যাটার্জি গ্রুপের (টিসিজি) চেয়ারম্যান পূর্ণেন্দু চট্টোপাধ্যায়, এইচপিএলের ম্যানেজিং ডিরেক্টর তথা সিইও নবনীত নারায়ণ এবং অ্যাডপার্মা প্রাইভেট লিমিটেডের সিইও সঞ্জীব বাসুদেবা । এছাড়াও রাজ্যের একাধিক মন্ত্রী, সাংসদ ও বিধায়ক।

এই কারখানার উদ্বোধনকে শিল্পায়নের পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে তুলে ধরে মুখ্যমন্ত্রী জানান, রাজ্যে বিনিয়োগের পরিবেশ তৈরি এবং উৎপাদনমুখী শিল্পের বিকাশে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। হলদিয়া পেট্রোকেমিক্যালস লিমিটেডের সম্পূর্ণ অধীনস্থ সংস্থা অ্যাডপার্মা প্রাইভেট লিমিটেড এই কারখানাটি তৈরি করেছে। পূর্ব ভারতের প্রথম ফেনল উৎপাদন কেন্দ্র হিসেবে পরিচিত এই প্রকল্পে বছরে ৩ লক্ষ ৪৫ হাজার টন ফেনল এবং ২ লক্ষ ১৫ হাজার টন অ্যাসিটোন উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে। হলদিয়ায় এইচপিএলের বিদ্যমান শিল্প পরিকাঠামোর মধ্যেই গড়ে উঠেছে কারখানাটি।

উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর বক্তব্য, “হলদিয়ার এই প্রকল্প পশ্চিমবঙ্গের শিল্পায়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এত বড় বিনিয়োগ রাজ্যে শিল্পের প্রসারের নতুন সম্ভাবনা তৈরি করবে। শিল্প পরিকাঠামোকে আরও শক্তিশালী করে বিনিয়োগ আকর্ষণ, উৎপাদন বৃদ্ধি এবং কর্মসংস্থানের সুযোগ তৈরিতে রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ।”

এই প্রকল্পের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হল, ফেনল ও অ্যাসিটোন উৎপাদনের জন্য প্রয়োজনীয় প্রোপিলিন এবং বেঞ্জিন পাশের এইচপিএল কারখানা থেকেই সরবরাহ করা হবে। ফলে কাঁচামাল সংগ্রহ থেকে চূড়ান্ত পণ্য উৎপাদন পর্যন্ত প্রক্রিয়ায় সমন্বয় বাড়বে।  প্রকল্পের কাজের অগ্রগতি খতিয়ে দেখতে সম্প্রতি নির্মাণস্থল পরিদর্শন করেন HPL-এর চেয়ারপার্সন পূর্ণেন্দু চ্যাটার্জি। সঙ্গে ছিলেন সংস্থার পূর্ণকালীন ডিরেক্টর ও সিইও নবনীত নারায়ণ এবং অন্যান্য পদস্থ আধিকারিক। হলদিয়ার এই উদ্যোগ আগামী দিনে রাজ্যের শিল্প পরিকাঠামোকে আরও শক্তিশালী করতে পারে বলে মনে করা হচ্ছে।

দ্য চ্যাটার্জি গ্রুপের চেয়ারম্যান পূর্ণেন্দু চট্টোপাধ্যায়ের মতে, হলদিয়ার এই উদ্যোগ পশ্চিমবঙ্গের শিল্প সম্ভাবনার প্রতি তাঁদের দীর্ঘদিনের আস্থার প্রতিফলন। এইচপিএলের ম্যানেজিং ডিরেক্টর তথা সিইও নবনীত নারায়ণও মনে করেন, প্রকল্পটি ভবিষ্যতে আরও উন্নত ও মূল্যবান রাসায়নিক উৎপাদনের পথ খুলে দেবে।