নিউজপোল ব্যুরো: জামিনে মুক্তি পাওয়ার পরও ফের বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে আইনি জটিলতায় জড়ালেন সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা। মঙ্গলবার দিল্লির যন্তর-মন্তরে নিষেধাজ্ঞা অমান্য করে বিক্ষোভ দেখানোর অভিযোগে তাঁদের পাঁচ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। অন্যদিকে, বন্ডে স্বাক্ষর করিয়ে অজিঙ্কা শিন্ডেকে মুক্তি দেওয়া হয়েছে।
অভিযোগ, যন্তর-মন্তরে বিক্ষোভের উপর পুলিশের নিষেধাজ্ঞা জারি থাকা সত্ত্বেও নিরাপত্তাবেষ্টনী পেরিয়ে প্রতিবাদে যোগ দেন সৌরভ দাস, আশুতোষ রাঙ্কা ও অজিঙ্কা শিন্ডে। পরিস্থিতি সামাল দিতে গিয়ে পুলিশকর্মীদের কাজে বাধা দেওয়ার অভিযোগও উঠেছে তাঁদের বিরুদ্ধে। এই ঘটনায় বেআইনি প্রবেশ, সরকারি কাজে বিঘ্ন ঘটানো এবং আগে দেওয়া মুচলেকার শর্ত লঙ্ঘনের অভিযোগে মামলা দায়ের করেছে পুলিশ।
ঘটনার পর তিনজনকে প্রথমে দিল্লির জাফরপুর কালান থানায় রাখা হয়। পরে রাত পেরিয়ে ভোরের দিকে পুলিশি গাড়িতে তাঁদের পার্লামেন্টারি থানায় নিয়ে আসা হয়। সেখান থেকে সকালে মন্দির মার্গ থানার আওতাধীন স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করানো হয় তাঁদের। শুনানি শেষে সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়। তাঁদের তিহার জেলে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। অন্যদিকে, অজিঙ্কা শিন্ডেকে বন্ডে স্বাক্ষর করিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
