জেড-প্লাস নিরাপত্তা সত্ত্বেও মমতার এত কাছে কীভাবে পৌঁছলেন ছুরি হাতে মহিলা?কে এই মহিলা?

রাজনীতি রাজ্য

নিউজপোল ব্যুরো:   দুর্গাপুজোর তৃতীয়ার সন্ধ্যায় নিজের পাড়ায় পুজো উদ্বোধন করতে গিয়ে অস্বস্তিকর পরিস্থিতির মুখে পড়লেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিযোগ, কালীঘাটের মিলন সংঘের পুজো উদ্বোধন সেরে ফেরার পথে এক মহিলা ছুরি হাতে তাঁর দিকে এগিয়ে আসেন এবং অশালীন ভাষায় কথা বলতে থাকেন। এই ঘটনাকে কেন্দ্র করে মমতার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। অভিযুক্ত মহিলাকে আটক করেছে কালীঘাট থানার পুলিশ।

ঘটনাটি মঙ্গলবার সন্ধ্যা প্রায় ৬টা নাগাদ ঘটে বলে অভিযোগ। তৃণমূল সাংসদ দোলা সেন কালীঘাট থানার অফিসার ইনচার্জকে ইমেল করে লিখিত অভিযোগ জানিয়েছেন। তাঁর দাবি, ওই মহিলা নিজেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইঝি বলে পরিচয় দিয়ে ভিড়ের মধ্যে ঢোকার চেষ্টা করেন। মহিলাটি নেশাগ্রস্ত ছিলেন বলেও অভিযোগ করা হয়েছে।

অভিযোগপত্রে ঘটনার সিসিটিভি ও ভিডিও ফুটেজ খতিয়ে দেখার পাশাপাশি উপযুক্ত আইনি পদক্ষেপের দাবি জানানো হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় জেড-প্লাস নিরাপত্তা পান। তা সত্ত্বেও কীভাবে ওই মহিলা তাঁর এত কাছে পৌঁছলেন, সেই প্রশ্ন তুলেছেন দোলা সেন। ঘটনায় ষড়যন্ত্রের আশঙ্কাও প্রকাশ করেছেন তিনি।

যদিও প্রাথমিক উত্তেজনা কাটিয়ে মিলন সংঘের পুজো উদ্বোধন সম্পন্ন হয়, তবু এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে।