বিহারের বৈশালীতে গঙ্গায় ভয়াবহ নৌকাডুবি, মৃতদের মধ্যে একাধিক শিশু, চলছে উদ্ধারকাজ

দেশ

নিউজপোল ব্যুরো: উৎসবের আয়োজন, ভোজসভায় যোগ দেওয়ার প্রস্তুতি—সবকিছুই মুহূর্তে বদলে গেল শোকের ঘটনায়। বিহারের বৈশালী জেলার রাঘোপুরে গঙ্গায় নৌকাডুবির জেরে অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে রয়েছে একাধিক শিশু। দুর্ঘটনার পর থেকে নিখোঁজদের উদ্ধারে নদীতে তল্লাশি চালাচ্ছে বিপর্যয় মোকাবিলা বাহিনী ও স্থানীয় বাসিন্দারা।

মঙ্গলবারের এই দুর্ঘটনা ঘিরে এলাকায় শোকের পরিবেশ তৈরি হয়েছে। জানা গিয়েছে, একটি ভোজসভায় যোগ দিতে নৌকায় করে যাচ্ছিলেন ১৫ থেকে ২০ জন যাত্রী। তাঁদের মধ্যে বেশ কয়েকজন শিশু ছিল। সেই সময় কোনওভাবে নৌকাটি গঙ্গার জলে উল্টে যায়। আচমকা বিপর্যয়ে নদীতে পড়ে যান যাত্রীরা। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন প্রশাসনিক আধিকারিকরা। উদ্ধারকাজে নামে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ)। নিখোঁজদের সন্ধানে তল্লাশি অব্যাহত রয়েছে।

এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবারপিছু ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা সাহায্যের ঘোষণা করা হয়েছে। বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীও মৃতদের পরিবারকে ৪ লক্ষ টাকা করে আর্থিক সহায়তার কথা জানিয়েছেন।

এছাড়াও শোক জানিয়েছেন উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন ও বিরোধী দলনেতা তেজস্বী যাদব। দুর্ঘটনার পর উদ্ধারকাজ এবং ক্ষতিগ্রস্তদের সহায়তার দিকে নজর রাখছে প্রশাসন।