Weather Update: বর্ষা বিদায়ের মাঝেই বৃষ্টির চোখরাঙানি, পুজোর দিনগুলিতে বাংলার আবহাওয়া কেমন থাকবে?

আবহাওয়া

নিউজপোল ব্যুরো: পুজোর মরশুমে আকাশের মেজাজ কেমন থাকবে, তা নিয়েই এখন নজর রাজ্যবাসীর। একদিকে বর্ষা বিদায়ের পালা শুরু হয়েছে, অন্যদিকে উৎসবের দিনগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, চতুর্থী থেকে ষষ্ঠী পর্যন্ত দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় হালকা বৃষ্টি হতে পারে। তবে আপাতত ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।

চতুর্থীর দিন দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় আকাশের মুখ ভার থাকতে পারে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনার কিছু অংশে বৃষ্টি এবং বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা ও ঝাড়গ্রামের বিচ্ছিন্ন কয়েকটি এলাকাতেও হালকা বৃষ্টির দেখা মিলতে পারে। তবে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় বৃষ্টির বিশেষ সম্ভাবনা নেই। পুজোর পঞ্চমী ও ষষ্ঠীতেও আবহাওয়া পুরোপুরি বৃষ্টিমুক্ত থাকবে না। ওই দু’দিনও দক্ষিণবঙ্গের কিছু জায়গায় ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে।

এদিকে, কলকাতায় দিনের শুরুতে রোদের দেখা মিললেও সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে পারে মেঘের আনাগোনা। বিশেষ করে বিকেলের দিকে শহরের কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে। তাপমাত্রার পারদ সর্বোচ্চ ৩৩ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করতে পারে।

অন্যদিকে, উত্তরবঙ্গে আপাতত বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। তবে ১৬ থেকে ১৮ অক্টোবরের মধ্যে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। ওই সময় দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের কিছু এলাকায় হালকা বৃষ্টির পাশাপাশি বজ্রপাতের আশঙ্কা রয়েছে। আপাতত উত্তরবঙ্গের কোনও জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস নেই।