আবাস যোজনায় ‘ভুয়ো উপভোক্তা’র অভিযোগ, দুর্গাপুরে তুমুল বিক্ষোভ

জেলা রাজনীতি

নিউজপোল ব্যুরো:প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায় প্রকৃত উপভোক্তাদের পরিবর্তে ‘ভুয়ো’ ব্যক্তিদের নাম থাকার অভিযোগকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়াল দুর্গাপুরের আনন্দপুর এলাকায়। কোকওভেন থানার অন্তর্গত ৪৩ নম্বর ওয়ার্ডের নডিহা সংলগ্ন এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের একাংশ বিক্ষোভে সামিল হন।

অভিযোগ, এলাকার গরিব ও অসহায় বাসিন্দারা প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ির জন্য আবেদন করলেও পরবর্তীতে অনলাইনে তথ্য যাচাই করতে গিয়ে তাঁরা জানতে পারেন, প্রকৃত আবেদনকারীদের পরিবর্তে অন্য ব্যক্তিদের নামে আবাস যোজনার সুবিধা বরাদ্দ হয়েছে। এই অভিযোগ সামনে আসতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা।

আরও দেখুন :-চিনি নেই, উৎপাদনও নেই! বসিরহাটের কাঁচাগোল্লায় সংকটের ছায়া

এই ঘটনায় তৃণমূল নেতা বিশ্বনাথ মাঝির বিরুদ্ধে সরকারি বাড়ি পাইয়ে দেওয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগও তুলেছেন স্থানীয়দের একাংশ। তাঁর বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখানোর পাশাপাশি ডিম ছোড়ার অভিযোগও উঠেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছয় কোকওভেন থানার পুলিশ। উত্তেজিত জনতার হাত থেকে বিশ্বনাথ মাঝিকে সরিয়ে থানায় নিয়ে যায় পুলিশ।

যদিও তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বিশ্বনাথ মাঝি। স্থানীয়দের দাবি, প্রকৃত উপভোক্তারা আবাস যোজনার বাড়ি না পাওয়া পর্যন্ত তাঁদের আন্দোলন চলবে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ পরিস্থিতির উপর নজর রাখছে।