Abhishek Banerjee:”নির্বাচনী প্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়েই প্রশ্ন উঠছে”— ফলতার ফল প্রকাশের পরই মন্তব্য অভিষেকের!

রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো:ফলতা বিধানসভা কেন্দ্রের পুনর্নির্বাচনের ফল প্রকাশের পর নির্বাচন কমিশনের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ তুললেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। গণনা প্রক্রিয়া, ফল প্রকাশের গতি এবং নির্বাচনী পরিবেশ নিয়ে প্রশ্ন তুলে তিনি দাবি করেছেন, সমগ্র প্রক্রিয়ার স্বাধীন ও নিরপেক্ষ সিসিটিভি নিরীক্ষা হওয়া প্রয়োজন।

আরও পড়ুন:Mamata Banerjee:“যিনি রাজশাসন করছেন, তাঁর ওই চেয়ারে বসার অধিকার নেই” ২০ দিন নীরবতা ভেঙে শুভেন্দুকে নিশানা মমতার!

রবিবার সামাজিক মাধ্যমে একাধিক পোস্টে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) অভিযোগ করেন, ফলতা কেন্দ্রের ভোট গণনায় অস্বাভাবিক দ্রুততা লক্ষ্য করা গিয়েছে। তাঁর দাবি, দুপুর সাড়ে তিনটার মধ্যেই ২১টি রাউন্ডের গণনা সম্পন্ন হওয়ার ঘটনা অত্যন্ত ব্যতিক্রমী। অতীতে একই ধরনের নির্বাচনে ওই সময়ের মধ্যে মাত্র ২ থেকে ৪ রাউন্ড গণনা সম্পন্ন হওয়ার নজির রয়েছে বলে উল্লেখ করেন তিনি। এই বৈপরীত্যের ব্যাখ্যা নির্বাচন কমিশনের কাছে চেয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

অভিষেকের অভিযোগ, আদর্শ আচরণবিধি কার্যকর থাকা সত্ত্বেও ফলতা এলাকায় বিরোধী রাজনৈতিক কর্মীদের উপর চাপ সৃষ্টি করা হয়েছে। তাঁর দাবি, গত দশ দিনে এক হাজারেরও বেশি তৃণমূল কর্মী-সমর্থককে এলাকা ছাড়তে বাধ্য করা হয়েছে এবং একাধিক দলীয় কার্যালয়ে ভাঙচুর চালানো হয়েছে। কিন্তু এই পরিস্থিতিতে নির্বাচন কমিশন কার্যকর ভূমিকা নেয়নি বলেও অভিযোগ করেন তিনি।

পাশাপাশি, রাজ্যের সাম্প্রতিক প্রশাসনিক নিয়োগ নিয়েও প্রশ্ন তোলেন অভিষেক। তাঁর বক্তব্য, ভোটার তালিকা সংশোধন সংক্রান্ত বিতর্কে নাম জড়ানো এক প্রাক্তন মুখ্য নির্বাচনী আধিকারিককে পরবর্তীতে রাজ্যের মুখ্যসচিব পদে নিয়োগ করা হয়েছে। আদর্শ আচরণবিধি জারি থাকার সময়ে এই নিয়োগ প্রশাসনিক নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে বলে দাবি তাঁর।

গণনা কেন্দ্রের পরিস্থিতি নিয়েও সরব হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, গণনার এক পর্যায়ে বিজেপি ছাড়া অন্যান্য রাজনৈতিক দলের এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছিল। এই ঘটনায় নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে থাকা কেন্দ্রীয় বাহিনী ও সংশ্লিষ্ট আধিকারিকদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:https://youtube.com/@thenewspole

শেষে অভিষেক বলেন, গণনা প্রক্রিয়ার পূর্ণাঙ্গ ও স্বাধীন সিসিটিভি নিরীক্ষা এবং অভিযোগগুলির নিরপেক্ষ তদন্ত না হলে নির্বাচনী ফলাফলের গ্রহণযোগ্যতা নিয়ে জনমনে প্রশ্ন থেকেই যাবে। একই সঙ্গে তিনি সংশ্লিষ্ট আধিকারিকদের জবাবদিহির দাবিও জানিয়েছেন।