Madhyamik exam 2026: পরীক্ষার ভীতি কাটাতে পুলিশের চকলেট-গোলাপ! ঝাড়গ্রামে মাধ্যমিকের প্রথম দিনে মানবিক জেলা পুলিশ

জেলা রাজ্য শিক্ষা

নিউজ পোল ব্যুরো: ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষা (Madhyamik exam 2026) শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই ঝাড়গ্রাম (Jhargram) জেলার বিভিন্ন স্কুল ও পরীক্ষা কেন্দ্রে দেখা যায় পরীক্ষার্থীদের ব্যস্ত উপস্থিতি। স্কুলজীবনের প্রথম বড় এই পরীক্ষাকে ঘিরে স্বাভাবিকভাবেই ছাত্রছাত্রীদের মনে ছিল উত্তেজনা ও কিছুটা উদ্বেগ। সেই মানসিক চাপ কমাতে এবং নির্বিঘ্নে পরীক্ষা দিতে সহায়তা করতে প্রথম দিন থেকেই সক্রিয় ভূমিকা নিল ঝাড়গ্রাম জেলা পুলিশ ও প্রশাসন।

এদিন জেলার একাধিক পরীক্ষা (Madhyamik exam 2026) কেন্দ্রে স্বয়ং উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলার পুলিশ সুপার মানব সিংলা (আইপিএস) সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। পরীক্ষার্থীদের উৎসাহ জোগাতে ও মনোবল বাড়াতে তাঁদের হাতে তুলে দেওয়া হয় কলম ও চকলেট। পুলিশ সুপার মানব সিংলা জানান, মাধ্যমিক পরীক্ষা শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে পরিচালনার জন্য জেলা পুলিশের পক্ষ থেকে একাধিক সহায়তা বুথ খোলা হয়েছে। পাশাপাশি সিভিক ভলান্টিয়ারদের নিয়ে বিশেষ টিম গঠন করা হয়েছে, যারা জেলার গুরুত্বপূর্ণ মোড় ও রাস্তায় দায়িত্ব পালন করবে।

আরও পড়ুন: Madhyamik 2026: মাধ্যমিকে নজরদারি বাড়াল পর্ষদ! কী করলে বাতিল হতে পারে পরীক্ষা?

তিনি আরও জানান, কোনো পরীক্ষার্থী (Madhyamik exam 2026) যদি পথে সমস্যায় পড়ে, তবে দ্রুত তাকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়ার জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। জেলার বিভিন্ন এলাকায় মোতায়েন রয়েছে টহলদারি পুলিশ গাড়ি। পাশাপাশি একাধিক জরুরি যোগাযোগ নম্বর চালু করা হয়েছে, যাতে পরীক্ষার্থী বা অভিভাবকরা প্রয়োজনে তাৎক্ষণিকভাবে পুলিশের সাহায্য নিতে পারেন। জেলা পুলিশ স্পষ্ট জানিয়েছে, পরীক্ষার দিনে কোনো পড়ুয়া যেন সমস্যায় না পড়ে, সে জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

অন্যদিকে, গোপীবল্লভপুর থানার উদ্যোগেও নজর কাড়ল মানবিক ছবি। থানার অন্তর্গত নয়াবসান হাইস্কুলে মাধ্যমিক পরীক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় পানীয় জলের বোতল, কলম, চকলেট ও গোলাপ ফুল। পুলিশের এই সহযোগিতামূলক ও মানবিক উদ্যোগে খুশি পরীক্ষার্থী ও তাঁদের অভিভাবকরা।

উল্লেখ্য, চলতি বছরে ঝাড়গ্রাম জেলায় মাধ্যমিক পরীক্ষার মোট কেন্দ্র রয়েছে ৩৯টি। এর মধ্যে ১৬টি মেন ভেনু এবং ২৩টি সাব ভেনু। জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৫,৩২১ জন। এর মধ্যে ছাত্র ৭,৬৬০ জন এবং ছাত্রী ৭,৬৬১ জন। জেলা জুড়ে পুলিশের এই সহানুভূতিশীল ও সহযোগিতামূলক ভূমিকায় স্বস্তি ও ভরসা পেলেন পরীক্ষার্থী ও অভিভাবকরা।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole