Adrija Roy : রূপকথার মতো বাগদান অদ্রিজা রায়ের, ভিগ্নেশ আইয়ারের সঙ্গে আংটিবদলের ছবি প্রকাশ্যে

পেজ 3 বিনোদন

নিউজ পোল ব্যুরো: এ যেন ঠিক রূপকথার গল্প থেকে উঠে আসা এক বাগদানের মুহূর্ত। অভিনেত্রী অদ্রিজা রায়ের (Adrija Roy) আংটিবদলের ছবি প্রকাশ্যে আসতেই নেটদুনিয়ায় শুরু হয়েছে চর্চা। ভালোবাসার মানুষ ভিগ্নেশ আইয়ারের সঙ্গে ২৫ জানুয়ারি জীবনের এক নতুন অধ্যায় শুরু করেছেন অভিনেত্রী। বাগদানের দিনটির নানা আবেগঘন মুহূর্ত এবার তিনি নিজেই ভাগ করে নিয়েছেন সোশাল মিডিয়ায় (Social Media), আর সেখানেই ধরা পড়েছে তাদের স্বপ্নের সেই বিশেষ সময়গুলো। এর আগে বাগদানের ট্র্যাডিশনাল লুকের ছবি শেয়ার করেছিলেন অদ্রিজা (Adrija Roy)। এবার একেবারে ভিন্ন সাজে, ওয়েস্টার্ন আউটফিটে আংটিবদলের মুহূর্তে ধরা দিলেন তিনি। প্যাস্টেল শেডের এলিগ্যান্ট গাউনে অদ্রিজাকে দেখাচ্ছিল অনন্য সুন্দর। সঙ্গে ছিল মিনিমাল গয়না, নরম মেকআপ ও সিম্পল হেয়ারস্টাইল—সব মিলিয়ে এক কথায় গ্রেসফুল। অন্যদিকে ভিগ্নেশ আইয়ার বেছে নিয়েছিলেন ওয়াইন রঙের ব্লেজার ও ট্রাউজার্স, যা তার লুককে আরও স্টাইলিশ করে তুলেছিল।

আরও পড়ুন : Mamata Banerjee: নির্বাচনী স্ট্র্যাটেজি সাজাতে তৎপর মমতা! আজই বিএলএ-২-দের সঙ্গে বৈঠকে বসছেন তৃণমূল নেত্রী

সাজের মতোই মনকাড়া ছিল গোটা আয়োজন। গোলাপের পাপড়িতে সাজানো ফুলের চাদরের উপর দিয়ে হাতে হাত রেখে ভেন্যুতে প্রবেশ করেন অদ্রিজা (Adrija Roy) ও তার হবু স্বামী। সেই রোম্যান্টিক মুহূর্তে হাঁটু মুড়ে বসে অদ্রিজার হাতে হিরের আংটি পরিয়ে দেন ভিগ্নেশ। ক্যামেরাবন্দি হয় তাঁদের চোখে-মুখে ছড়িয়ে থাকা খাঁটি ভালোবাসা আর আনন্দের ঝলক। ছবিগুলি পোস্ট করে অদ্রিজা ক্যাপশনে লিখেছেন শুধু একটি শব্দ—‘আমরা’, সঙ্গে উল্লেখ করেছেন বিশেষ তারিখ, ২৫ জানুয়ারি। ছোট্ট এই শব্দেই যেন ধরা পড়ে তাদের সম্পর্কের গভীরতা। যদিও এখনও বিয়ের নির্দিষ্ট দিনক্ষণ ঘোষণা হয়নি, তবে ইন্ডাস্ট্রির অন্দরে গুঞ্জন—খুব শিগগিরই নাকি চার হাত এক হতে চলেছে এই জুটির। প্রসঙ্গত, এর আগে বাগদানের আসর থেকে অদ্রিজার দক্ষিণী সাজও নজর কেড়েছিল। লাল কাঞ্জিভরম শাড়ি, ভারী গয়না আর ঐতিহ্যবাহী দক্ষিণ ভারতীয় হেয়ারস্টাইলে তাকে লাগছিল অপূর্ব। ভিগ্নেশও সেদিন তুঁতে রঙের পাঞ্জাবি ও ধুতি পরে দক্ষিণী ঐতিহ্যকে সম্মান জানিয়েছিলেন।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

উল্লেখ্য, কর্মসূত্রে গত প্রায় দু’বছর ধরে অদ্রিজা রায় (Adrija Roy) মুম্বইয়ে বসবাস করছেন। বাংলা টেলিভিশনে জনপ্রিয়তা পাওয়ার পর বর্তমানে তিনি হিন্দি ধারাবাহিক ‘অনুপমা’ (Anupamaa)–এর মাধ্যমে জাতীয় স্তরে পরিচিত মুখ। সেখানে ‘রাহি’ চরিত্রে অভিনয় করে ইতিমধ্যেই দর্শকদের মন জয় করেছেন এই প্রতিভাবান অভিনেত্রী। পেশাগত সাফল্যের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও যে তিনি দারুণ সুখী, তারই প্রমাণ মিলল এই রূপকথার মতো বাগদানের মুহূর্তগুলোতে।