নিউজ পোল ব্যুরো: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi) ‘ঘনিষ্ঠ বন্ধু’ বললেও, ভারতের উপর অতিরিক্ত শুল্ক চাপানোকে ‘শাস্তিমূলক’ পদক্ষেপ বলে ব্যাখ্যা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। সম্প্রতি ব্রিটেন সফরে গিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মারের সঙ্গে যৌথ সাংবাদিক বৈঠকে এই মন্তব্য করেন ট্রাম্প (Donald Trump)। ট্রাম্প জানান, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ (Russia Ukraine War) বন্ধ করতে আন্তর্জাতিক তেলমূল্য কমানো প্রয়োজন। তার মতে, তেলের দাম কমলে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin) যুদ্ধ থেকে সরে আসবেন। সেই উদ্দেশ্যেই ভারত থেকে আমদানি হওয়া কিছু পণ্যের উপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক বসানো হয়েছে।
আরও পড়ুন: নয়া GST স্তর চালু ২২ সেপ্টেম্বর! বাংলার পুজো মাথায় রেখেই দিন ঠিক, জানালেন নির্মলা সীতারমণ
ট্রাম্প (Donald Trump) বলেন, “আমি মোদীকে ফোন করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছি। উনিও খুব সুন্দর বার্তা পাঠিয়েছেন। মোদী আমার বন্ধু, কিন্তু বন্ধুত্ব থাকলেও প্রয়োজন হলে শাস্তি দিতে হয়। সেই কারণেই অতিরিক্ত শুল্ক চাপিয়েছি।” এই মন্তব্যের পটভূমিতে ভারত-আমেরিকা বাণিজ্য সম্পর্কের বর্তমান গতি গুরুত্বপূর্ণ। সদ্যই দিল্লিতে আসেন আমেরিকার অ্যাসিস্ট্যান্ট ট্রেড রিপ্রেজেন্টেটিভ ব্রেন্ডন লিঞ্চ। মঙ্গলবার তার সঙ্গে ভারতীয় বাণিজ্য প্রতিনিধিদের দীর্ঘ বৈঠক হয়। বৈঠকে দুই দেশের মধ্যে একটি নতুন বাণিজ্যচুক্তি নিয়ে আলোচনা হয় এবং উভয় পক্ষ থেকেই সেই আলোচনাকে ইতিবাচক বলা হয়েছে।
এরপরই ট্রাম্প মোদীকে ফোন করে জন্মদিনের শুভেচ্ছা জানান, আর মোদীও পালটা ধন্যবাদ জানান ট্রাম্পকে। মোদী বলেন, ইউক্রেন সংকট সমাধানে আমেরিকার পদক্ষেপকে ভারত সমর্থন করে। পর্যবেক্ষকদের মতে, এই ঘটনাপ্রবাহ ভারত-মার্কিন সম্পর্কের বরফ গলার ইঙ্গিত দিচ্ছে। যদিও ট্রাম্পের ‘বন্ধুত্বপূর্ণ শাস্তি’ মন্তব্য কূটনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole
