নিউজ পোল ব্যুরো: দেশজুড়ে জিএসটি (GST) কাঠামোয় বড় পরিবর্তন আসতে চলেছে। ২২ সেপ্টেম্বর থেকে চালু হচ্ছে ‘নেক্সট জেনারেশন জিএসটি’— আর তার পিছনে রয়েছে বাংলার দুর্গাপুজোর কথা! কলকাতায় এসে এমনটাই জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ (Nirmala Sitharaman)।জাতীয় গ্রন্থাগারে আয়োজিত এক বণিকসভায় অর্থমন্ত্রী বলেন, “জিএসটির (GST) এই সংস্কার দীপাবলির উপহার হলেও, তার পরিকল্পনা হয়েছে বাংলার দুর্গাপুজোর আবহে। তাই মহালয়ার পরের দিনটিকেই বেছে নেওয়া হয়েছে রূপান্তরের জন্য।”
তবে এখানেই শেষ নয়। নতুন জিএসটি (GST) কাঠামোতে এখনও একক করহারের (single slab) জন্য দেশ প্রস্তুত নয় বলেই মত তার। বর্তমানে চালু থাকা ৫%, ১২%, ১৮% ও ২৮% করস্তরের পিছনে রয়েছে বহু রাজ্যের কর নীতিকে সামঞ্জস্য করার প্রচেষ্টা। নির্মলার মতে, ভবিষ্যতে একক করহার নিয়ে আলোচনা হতে পারে, তবে আপাতত সেই পথে হাঁটার সময় আসেনি। জিএসটির এই সংস্কার বাংলার হস্তশিল্প ও কৃষি পণ্যের উপর ইতিবাচক প্রভাব ফেলবে বলেও আশ্বাস দিয়েছেন অর্থমন্ত্রী। একইসঙ্গে তিনি ইঙ্গিত দিয়েছেন, দীর্ঘদিন ধরে বিরোধীদের চাপের মুখেই কেন্দ্র সরকার এই সরলীকরণের পথে হাঁটতে বাধ্য হয়েছে।
প্রসঙ্গত, ২০১৭ সালে বিজেপি সরকারের চালু করা জিএসটি কাঠামোকে ‘জটিল’ বলে কটাক্ষ করে আসছিল কংগ্রেস। রাহুল গান্ধী একাধিকবার দাবি করেছেন, “এক দেশ, এক কর” ধারণাকে বাস্তবে রূপ দিতে হলে জিএসটি সহজ এবং সর্বজনগ্রাহ্য হওয়া উচিত। আট বছর পর সেই দাবি মেনে নিয়েই অবশেষে নতুন রূপে ফিরল জিএসটি।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
