Abhishek Banerjee: অভিষেকের মঞ্চে ফিরলেন তিন ‘ভূত’! নতুন বছরে বড় চমক দিয়ে শোরগোল ফেলে দিল তৃণমূল

রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: বারুইপুরের (Baruipur) রণসংকল্প সভা থেকে এসআইআর ইস্যুতে আক্রমণ আরও শানালেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। মঞ্চে দাঁড়িয়ে তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, বিজেপি (BJP) যতই শক্তি প্রয়োগ করুক, তৃণমূলের আসন সংখ্যা কমবে না, বরং আরও বাড়বে। অভিষেকের (Abhishek Banerjee) কথায়, ২০০৮ সালে দক্ষিণ ২৪ পরগনা থেকেই পরিবর্তনের সূচনা হয়েছিল, আর আসন্ন বিধানসভা নির্বাচনে ভাঙড় জিতে জেলায় ৩১টির মধ্যে ৩১টি আসন দখলের লক্ষ্য নিয়েই এগোচ্ছে তৃণমূল।

আরও পড়ুন: Chandranath Sinha: নিয়োগ দুর্নীতিতে বড় ‘অ্যাকশন’! মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বিপুল সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি

সভায় বক্তব্য শুরুর আগেই ব্রিগেডের আদলে তৈরি র‍্যাম্পে হেঁটে সমর্থকদের উজ্জীবিত করেন অভিষেক (Abhishek Banerjee)। চারদিকে তখন উচ্ছ্বাস, স্লোগানে মুখর সভাস্থল। কিন্তু চমক তখনও বাকি। কিছুক্ষণের মধ্যেই র‍্যাম্পে উঠে আসেন তিনজন সাধারণ মানুষ মণিরুল ইসলাম মোল্লা, হরেকৃষ্ণ গিরি এবং মায়া দাস। তাঁদের সামনে রেখেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান তৃণমূল নেতা।

র‍্যাম্পে হাঁটতে হাঁটতে অভিষেক বলেন, এই তিনজনই জীবিত, নিজেদের পরিবার-পরিজন নিয়ে স্বাভাবিক জীবনযাপন করছেন। অথচ নির্বাচন কমিশনের নথিতে তাঁদের মৃত বলে দেখানো হয়েছে। তিনি ব্যঙ্গ করে বলেন, মঞ্চে দাঁড়িয়ে সবাই তাঁদের দেখতে পাচ্ছেন, কিন্তু নির্বাচন কমিশনের চোখে নাকি এঁরা অদৃশ্য। শুধু দক্ষিণ ২৪ পরগনা জেলাতেই এমন অন্তত ২৪ জন মানুষ রয়েছেন, যাঁদের জীবিত থাকা সত্ত্বেও মৃত হিসেবে চিহ্নিত করা হয়েছে বলে দাবি করেন তিনি।

এই উদাহরণ তুলে ধরে অভিষেক প্রশ্ন তোলেন, ভোটাধিকার কেড়ে নেওয়ার জন্যই কি এ ধরনের তালিকা তৈরি করা হচ্ছে? তাঁর অভিযোগ, এসআইআর-এর নামে সাধারণ মানুষের মৌলিক অধিকার হরণ করার চেষ্টা চলছে। তিনি স্পষ্ট করে জানান, তৃণমূল যতদিন লড়াইয়ে থাকবে, ততদিন একজন মানুষের ভোটাধিকারও কেড়ে নিতে দেওয়া হবে না।

বক্তব্যের শেষে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar) এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) নাম করে সরাসরি আক্রমণ করেন অভিষেক। তিনি হুঁশিয়ারি দেন, রাস্তায় ও মাঠে যে জনসমর্থন দেখা যাচ্ছে, তার সামান্য অংশও যদি দিল্লিতে পৌঁছয়, তাহলে কেন্দ্রের ক্ষমতাধরদের টলতে হবে। গর্জে উঠে তিনি বলেন, তৃণমূল দিল্লি পর্যন্ত লড়াই নিয়ে যাবে এবং মানুষের অধিকার রক্ষার প্রশ্নে কোনও আপস করবে না।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole