নিউজ পোল ব্যুরো: বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে, রাজ্যের রাজনীতির পারদ ততই চড়ছে। নতুন বছরের দ্বিতীয় দিন থেকেই কার্যত ভোটের ময়দানে নেমে পড়েছেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। শুক্রবার দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে (Baruipur) রণসংকল্প সভার মাধ্যমে তাঁর নির্বাচনী প্রচারের সূচনা হয়। সভার মঞ্চ থেকে বিজেপির (BJP) কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্বকে একের পর এক কটাক্ষ করেন অভিষেক (Abhishek Banerjee)। তাঁর বক্তব্যে বিশেষভাবে উঠে আসে বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের সাম্প্রতিক বিতর্কিত মন্তব্য।
আরও পড়ুন: DA: নতুন বছরের শুরুতেই সুখবর! জানুয়ারি থেকেই ৬০% ডিএ নিশ্চিত কেন্দ্রীয় কর্মীদের জন্য
এসআইআর (SIR) ইস্যুতে অনন্ত মহারাজ যে মন্তব্য করেছিলেন, তা হাতিয়ার করে বিজেপিকে তীব্র আক্রমণ শানান অভিষেক (Abhishek Banerjee)। তিনি বলেন, “বিজেপিরই সাংসদ প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতিকে বাংলাদেশি, পাকিস্তানি বলে দাগিয়ে দিচ্ছেন। যাঁকে ওঁরাই ভোট দিয়ে সংসদে পাঠিয়েছেন, তাঁর মুখেই এমন কথা শোনা যাচ্ছে।” অভিষেকের দাবি, বিজেপির অন্দরেই এমন বক্তব্য প্রমাণ করে দলের দিশাহীনতা ও দ্বিচারিতা।
প্রসঙ্গত, কয়েক দিন আগে কোচবিহারের দিনহাটার সিতাই ব্লকের আদাবাড়ি ঘাটে একটি কর্মসূচিতে যোগ দিয়ে অনন্ত মহারাজ মন্তব্য করেন, এসআইআর তালিকা থেকে নাম বাদ পড়লে সংশ্লিষ্ট ব্যক্তিদের ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে। এই প্রসঙ্গে তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নামও উল্লেখ করেন। এরপরেই অনন্ত বলেন, “প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, স্বরাষ্ট্রমন্ত্রী সবাই বাংলাদেশি। প্রমাণ কে দেবে? ওঁরাই তো বাংলাদেশি।” তাঁর এই বক্তব্য ঘিরেই রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক শুরু হয়।
বারুইপুরের সভা থেকে সেই মন্তব্যের প্রসঙ্গ টেনে অভিষেক বলেন, “যদি দেশের শীর্ষ নেতৃত্বই বিজেপির চোখে বাংলাদেশি হয়, তাহলে সাধারণ মানুষ কাকে কাগজ দেখাবে?” বিজেপির হিন্দুত্ব ও দেশপ্রেমের দাবিকেও প্রশ্নের মুখে ফেলেন তিনি।
এদিনের সভায় অভিষেক আরও এক ধাপ এগিয়ে বিজেপির হিন্দুত্বের রাজনীতি নিয়ে আক্রমণ করেন। তিনি একটি অডিও ক্লিপ শোনান, যেখানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গলায় বাংলাদেশে ইউনুসের সরকারের প্রশংসা শোনা যাচ্ছে বলে দাবি করা হয়। যদিও ওই অডিওর সত্যতা যাচাই করা হয়নি। অভিষেক বলেন, “যে বিজেপি বড় বড় হিন্দুত্বের কথা বলে, তারাই আবার বলছে বাংলাদেশের ইউনুসের সরকার নাকি পশ্চিমবঙ্গের থেকেও ভালো চলছে।” তিনি আরও উল্লেখ করেন, ইউনুস সরকারের আমলে বাংলাদেশে হিন্দু যুবক দীপু দাস খুন হলেও সেই সরকারকে বিজেপি নেতারা সার্টিফিকেট দিচ্ছেন।
অভিষেকের বক্তব্য অনুযায়ী, এটাই বিজেপির তথাকথিত হিন্দুত্ব ও দেশপ্রেমের প্রকৃত চেহারা। বারুইপুরের সভা থেকে তিনি স্পষ্ট করে দেন, আগামী নির্বাচনে বিজেপির এই দ্বিচারিতা ও বিভ্রান্তিকর রাজনীতিকেই সামনে এনে লড়াই হবে তৃণমূলের।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
