DA: নতুন বছরের শুরুতেই সুখবর! জানুয়ারি থেকেই ৬০% ডিএ নিশ্চিত কেন্দ্রীয় কর্মীদের জন্য

রাজ্য

নিউজ পোল ব্যুরো: নতুন বছরের শুরুতেই কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনারদের জন্য এসেছে বড়সড় সুখবর। ২০২৬ সালের জানুয়ারি থেকেই মহার্ঘ ভাতা বা ডিএ (Dearness Allowance) এবং ডিয়ারনেস রিলিফ বৃদ্ধি পেয়ে ৬০ শতাংশে পৌঁছাতে চলেছে বলে ইঙ্গিত মিলেছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের অধীনস্থ লেবার ব্যুরো প্রকাশিত সর্বশেষ অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্স ফর ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স (AICPI-IW) এই ইঙ্গিতই স্পষ্ট করেছে।

আরও পড়ুন: Tobacco: তামাকে করের কোপ! জিএসটি বাড়তেই মুখ থুবড়ে পড়ল ITC-র শেয়ার

৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে প্রকাশিত নভেম্বর মাসের AICPI-IW সূচক অনুযায়ী, সূচকে ০.৫ পয়েন্ট বৃদ্ধি লক্ষ্য করা গিয়েছে। ফলে সামগ্রিক সূচক বেড়ে দাঁড়িয়েছে ১৪৮.২ পয়েন্টে। এই বৃদ্ধির সরাসরি প্রভাব পড়ছে কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনারদের মহার্ঘ ভাতার উপর। মূলত নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি, খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধি এবং জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ার প্রতিফলন হিসেবেই এই সূচক বৃদ্ধি পেয়েছে। বর্তমান হিসাব অনুযায়ী, শেষ ১২ মাসের গড় ধরে হিসাব করলে ডিএ ৬০ শতাংশে পৌঁছনো কার্যত নিশ্চিত বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। যদিও ডিসেম্বর ২০২৫ মাসের AICPI-IW সূচক এখনও প্রকাশিত হয়নি, তবে প্রবণতা বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে—সূচক যদি ১৪৮.২-তেই স্থির থাকে, তাহলে ডিএ দাঁড়াবে প্রায় ৬০.৩৪ শতাংশ। আবার সূচক যদি বেড়ে ১৫০.২-এ পৌঁছয়, তাহলে ডিএ হতে পারে প্রায় ৬০.৫৩ শতাংশ। এমনকি সূচক সামান্য কমে ১৪৬.২ হলেও গড় হিসাবে ডিএ ৬০ শতাংশের নিচে নামার সম্ভাবনা নেই।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

সরকার সাধারণত দশমিকের পরের অংশ বাদ দিয়ে পূর্ণ সংখ্যায় ডিএ ঘোষণা করে। ফলে যেকোনো পরিস্থিতিতেই ২০২৬ সালের জানুয়ারি থেকে ৬০ শতাংশ ডিএ কার্যকর হওয়া প্রায় নিশ্চিত। সবকিছু ঠিক থাকলে, আগামী মার্চ বা এপ্রিল মাসে কেন্দ্রীয় সরকার এই ডিএ বৃদ্ধির আনুষ্ঠানিক ঘোষণা করতে পারে এবং জানুয়ারি থেকে কার্যকর হওয়ায় কর্মচারীরা বকেয়া অর্থ পাওয়ার সম্ভাবনাও রয়েছে। নতুন পে কমিশনের আগমনের প্রাক্কালে এবং ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির চাপের মধ্যে এই ডিএ বৃদ্ধি কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনারদের জন্য নিঃসন্দেহে বড় আর্থিক স্বস্তি নিয়ে আসবে।