CAA: রাজ্যে ৭০০ সিএএ ক্যাম্প, ভোটের আগে উদ্বাস্তু রাজনীতিতে বিজেপির নতুন চাল

রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: ভোটের আগমুহূর্তে ফের উদ্বাস্তু রাজনীতিকে হাতিয়ার করে মাঠে নামছে রাজ্য বিজেপি। নাগরিকত্ব সংশোধনী আইন (CAA) দেশজুড়ে কার্যকর হলেও, বাংলায় তার প্রয়োগ এবং আবেদন প্রক্রিয়া এখনও অনেকের কাছেই অস্পষ্ট। এই অবস্থায় বিজেপি (BJP) নেতৃত্ব এবার সরাসরি মাঠে নেমে বিষয়টি প্রচারের সিদ্ধান্ত নিয়েছে। রাজ্যের প্রতিটি জেলায় শুরু হচ্ছে সিএএ (CAA) সহায়তা শিবির—মোট প্রায় ৭০০ ক্যাম্প গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: TMC: উত্তরবঙ্গে বিপর্যয়, কেন্দ্রের ‘নীরবতা’ নিয়ে তৃণমূলের আক্রমণ ,বাংলার প্রতি ফের বঞ্চনা?

বুধবার কলকাতায় অনুষ্ঠিত হয় বিজেপির বিশেষ বৈঠক ও কর্মশালা, যেখানে উপস্থিত ছিলেন সংগঠনের শীর্ষ নেতারা—বিএল সন্তোষ, অমিত মালব্য-সহ কেন্দ্রীয় নেতৃত্ব। বৈঠকে মূল বার্তা স্পষ্ট, “যত দ্রুত সম্ভব, যত বেশি সংখ্যক মানুষকে সিএএ আবেদন প্রক্রিয়ায় যুক্ত করতে হবে।” বিজেপি সূত্রের খবর, ১৭টি জেলায় বিধানসভা ভিত্তিক সিএএ (CAA) সহায়তা ক্যাম্প গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ নজর দেওয়া হচ্ছে মতুয়া ও উদ্বাস্তু অধ্যুষিত এলাকা যেমন বনগাঁ, নদিয়া ও উত্তর ২৪ পরগনার দিকে।

বিএল সন্তোষ রাজ্য নেতৃত্বকে জানিয়েছেন, প্রতিটি মণ্ডলে অন্তত তিনটি করে ক্যাম্প খুলতে হবে এবং ৩১ অক্টোবরের মধ্যে সেই অগ্রগতি রিপোর্ট জমা দিতে হবে। আবেদন প্রক্রিয়ায় কারা দায়িত্বে থাকবেন, তাদের নামও দ্রুত রাজ্য দফতরে পাঠাতে বলা হয়েছে। রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya) বলেন, “দেশভাগের সময় কংগ্রেস যে ঐতিহাসিক ভুল করেছিল, তার প্রায়শ্চিত্ত করছে বিজেপি। উদ্বাস্তু হিন্দুদের পাশে আমরা ছিলাম, আছি, থাকব। যতদিন বিজেপি আছে, ততদিন একজন উদ্বাস্তু হিন্দুর ক্ষতি কেউ করতে পারবে না।”*

তবে এই পদক্ষেপে স্বাভাবিকভাবেই রাজনৈতিক উত্তাপ বেড়েছে। তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী কটাক্ষ করে বলেন, “এসআইআর কার্যকর হলে মতুয়াদের অনেকের নাম বাদ পড়বে। যারা বিজেপিকে বিশ্বাস করেছিলেন, তারাই এখন চিন্তায় পড়েছেন।” রাজনৈতিক মহলের মতে, এই সিদ্ধান্ত আসলে আসন্ন ভোটের আগে উদ্বাস্তু জনভিত্তিকে ফের একবার দৃঢ় করার কৌশল। একদিকে সিএএ প্রয়োগের বাস্তবতা, অন্যদিকে মতুয়া ভোটব্যাঙ্ক এই দুইয়ের ভারসাম্যেই বিজেপির পরবর্তী রাজনৈতিক সমীকরণ নির্ভর করছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole