নিউজ পোল ব্যুরো: উত্তরবঙ্গ (North Bengal) যখন প্রবল বৃষ্টিপাত ও ভুটান (Bhutan) থেকে আসা জলস্রোতের কারণে বিধ্বস্ত, তখন কেন্দ্রীয় সরকারের নীরবতা নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল কংগ্রেস (TMC) । পাহাড়ি এলাকায় ভূমিধস, নদীর জলস্ফীতিতে বহু মানুষের ঘরবাড়ি নিশ্চিহ্ন। অথচ এমন এক ভয়াবহ পরিস্থিতিতেও বাংলার দিকে ফিরেও তাকায়নি দিল্লি, এমনই তীব্র অভিযোগ রাজ্যের শাসকদলের।
আরও পড়ুন: SIR- এর আগে শোকজের ঝড়! ৬০০ BLO-কে একযোগে নোটিস, রাজনীতির ময়দানে উত্তাপ
রাজ্য সরকারের দাবি, কেন্দ্রীয় দুর্যোগ ত্রাণ তহবিল (SDRF ও NDRF) থেকে এক টাকাও বরাদ্দ করা হয়নি বাংলার জন্য। সোশ্যাল মিডিয়ায় সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Amit Shah) ট্যাগ করে তৃণমূল (TMC) লেখে, “ভয়ঙ্কর বন্যা ও ভূমিধসে বিধ্বস্ত উত্তরবঙ্গ। জীবন, জীবিকা ও আবাস হারিয়েছে হাজার হাজার মানুষ। অথচ কেন্দ্রীয় সরকার নিশ্চুপ। এক টাকাও দেওয়া হয়নি বাংলাকে।”
সঙ্গে তুলনা টেনে তৃণমূল (TMC) জানায়, মহারাষ্ট্র ও কর্নাটকের জন্য কেন্দ্র ইতিমধ্যেই ১,৯৫০.৮০ কোটি টাকা বরাদ্দ করেছে। মহারাষ্ট্র পেয়েছে ১,৫৬৬.৪০ কোটি টাকা, কর্নাটক ৩৮৪.৪০ কোটি। অথচ রাজনীতির শোধ তুলতেই বাংলা উপেক্ষিত বলে অভিযোগ। তৃণমূল কটাক্ষ করে লিখেছে, “২০২১-এ বাংলায় বিজেপির পরাজয়ের প্রতিশোধ নিচ্ছে কেন্দ্র। শাসনের নামে রাজনৈতিক প্রতিহিংসার নগ্ন উদাহরণ।”
তৃণমূল আরও দাবি করেছে, SDRF থেকে দেশের অন্যান্য রাজ্যকে মোট ১৩,৬০৩.২০ কোটি টাকা এবং NDRF থেকে ২,১৮৯.২৮ কোটি টাকা বরাদ্দ করা হলেও, সেই তালিকা থেকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বাদ রাখা হয়েছে পশ্চিমবঙ্গকে। এখানেই থেমে থাকেনি শাসকদল। তারা কেন্দ্রকে আক্রমণ করে বলেছে, “এই কেন্দ্র সরকার বাংলার স্বার্থবিরোধী জমিদার হয়ে উঠেছে। বাংলার মানুষ সব দেখছে সময় এলে ভোট বাক্সেই এর জবাব দেবে।” উত্তরবঙ্গের মানুষ আজও সংকটে। অথচ কেন্দ্রের এই নিস্পৃহতা কি শুধুই প্রশাসনিক ব্যর্থতা, না কি রাজনৈতিক প্রতিহিংসা? প্রশ্ন তুলছে রাজনৈতিক মহল।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
