Waqf properties: ওয়াকফ নিয়ে তৎপর প্রশাসন, নির্ধারিত সময়সীমার আগে তথ্য আপলোডে জোর

কলকাতা রাজ্য

নিউজ পোল ব্যুরো: রাজ্যের সমস্ত ওয়াকফ সম্পত্তির বিস্তারিত তথ্য এবার কেন্দ্রীয় পোর্টালে আপলোড করার প্রক্রিয়া জোরদার করা হয়েছে। সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষাদপ্তরের পক্ষ থেকে রাজ্যের সব জেলাশাসকদের কাছে চিঠি পাঠিয়ে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে, আগামী ৬ ডিসেম্বরের মধ্যে সমস্ত অবিতর্কিত ওয়াকফ সম্পত্তির তালিকা ‘উমিদ’ পোর্টালে নথিভুক্ত করতে হবে। কেন্দ্রের নির্দেশ মেনেই ইতিমধ্যে বিভিন্ন জেলায় দ্রুতগতিতে তথ্য সংগ্রহ ও আপলোডের কাজ শুরু হয়েছে।

আরও পড়ুন: Student Credit Card: স্টুডেন্ট ক্রেডিট কার্ডে ১ লক্ষ সুবিধাভোগী, উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী

জেলাশাসকদের পাঠানো চিঠিতে মূলত চারটি গুরুত্বপূর্ণ নির্দেশের উল্লেখ রয়েছে। প্রথমত, ইমাম, মোয়াজ্জেম এবং মাদ্রাসা শিক্ষকদের নিয়ে বিশেষ বৈঠকের আয়োজন করে সম্পূর্ণ আপলোড প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত ধারণা দিতে হবে। দ্বিতীয়ত, শুধুমাত্র অবিতর্কিত ওয়াকফ সম্পত্তির তথ্যই আপলোড করা হবে, যাতে ভবিষ্যতে আইনি জটিলতা এড়ানো যায়। তৃতীয় নির্দেশ অনুযায়ী, প্রয়োজনে প্রযুক্তিগত সহায়তা দেওয়ার জন্য পৃথক ফেসিলিটেশন সেন্টার চালু করতে হবে, যাতে স্থানীয় পর্যায়ের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা সহজে পোর্টালে তথ্য নথিভুক্ত করতে পারেন। চতুর্থত, এই সংক্রান্ত প্রক্রিয়া সঠিকভাবে হচ্ছে কি না তা খতিয়ে দেখতে সংখ্যালঘু দপ্তরের রাজ্যস্তরের সিনিয়র অফিসাররা বিভিন্ন জেলায় গিয়ে পরিদর্শন করবেন।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@thenewspole

চলতি বছরে কেন্দ্র সরকার ওয়াকফ আইন, ১৯৯৫-এর একাধিক ধারায় সংশোধন এনেছে, যার কিছু বিষয় বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে। তবে আদালতের পক্ষ থেকে এখনও কোনও স্থগিতাদেশ না থাকায় সংশোধিত নির্দেশিকা কার্যকর করতেই রাজ্যকে বাধ্য হতে হয়েছে। নিয়ম অনুযায়ী, রাজ্যের মোট ৮০৬৩টি ওয়াকফ এস্টেটের মোতায়াল্লিদের আগামী ৬ ডিসেম্বরের মধ্যেই ‘উমিদ’ পোর্টালে নিজ নিজ সম্পত্তির সম্পূর্ণ বিবরণ আপলোড করতে হবে। এই পরিস্থিতিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে কর্মরত অনেক মোতায়াল্লি সংশোধিত আইনের বিরুদ্ধে আপত্তি তুলে রাজ্য ওয়াকফ বোর্ডের অসহযোগিতার অভিযোগ করেছেন। তবুও কেন্দ্রের নির্ধারিত সময়সীমা মেনে চলার কোনও বিকল্প না থাকায় প্রশাসন তড়িঘড়ি প্রস্তুতি শুরু করেছে। সংশ্লিষ্ট মহলের মতে, এই পদক্ষেপের মাধ্যমে ওয়াকফ সম্পত্তির স্বচ্ছতা ও ডিজিটাল নথিভুক্তিকরণ আরও সুসংহত হবে, যা ভবিষ্যতে সম্পত্তি সংক্রান্ত জটিলতা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।