SIR- এর আগে শোকজের ঝড়! ৬০০ BLO-কে একযোগে নোটিস, রাজনীতির ময়দানে উত্তাপ

কলকাতা রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো:ভোটের প্রাক্কালে বাংলায় শুরু হতে চলেছে বিশেষ নিবিড় সমীক্ষা (SIR)। তার আগেই রাজ্য জুড়ে ছড়িয়ে পড়েছে আলোড়ন কমিশনের তরফে ধাপে ধাপে প্রায় ৬০০ বুথ লেভেল অফিসার (BLO)-কে শোকজ করা হয়েছে। প্রশ্ন তোলা হয়েছে, কেন তারা নির্বাচন কমিশনের কাজে অংশ নিচ্ছেন না বা অনীহা দেখাচ্ছেন?

আরও পড়ুন: Tejashwi Yadav: দিদিদের দিলেন ‘তেজস্বী’ উপহার, নীতীশের ভোটদূর্গে সরাসরি হামলা

রাজ্য নির্বাচন ব্যবস্থায় BLO-রা একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকার তথ্য সংশোধনের দায়িত্ব তাদের। কিন্তু অভিযোগ, অনেক BLO যাদের অধিকাংশই স্কুল শিক্ষক বা শিক্ষিকা এসআইআরের কাজে নিযুক্ত হতে আপত্তি জানাচ্ছেন। কমিশন সেই আপত্তির কারণ জানতে চেয়ে পাঠিয়েছে শোকজ নোটিস।

এই পদক্ষেপকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে তৈরি হয়েছে নতুন বিতর্ক। সংগ্রামী যৌথ মঞ্চ-এর আহ্বায়ক ভাস্কর ঘোষ জানান, “আমরা এসআইআরের (SIR) বিরোধিতা করছি না। তবে তার জন্য স্কুল বন্ধ রাখা বা একমাত্র বিষয়ের শিক্ষককে BLO-র দায়িত্বে পাঠানো কোনও যুক্তিসঙ্গত সিদ্ধান্ত নয়।” বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য কেন্দ্রীয় কমিশনের পক্ষে সওয়াল করে বলেন, “রাজ্যের শিক্ষকরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। তৃণমূল আতঙ্ক তৈরি করছে বলেই অনেকে কাজ করতে চাইছেন না।” তার অভিযোগ, “এসআইআরের (SIR) নামে তৃণমূল গোটা প্রশাসনকে ব্যবহার করছে।”

অন্যদিকে তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী এই শোকজ প্রক্রিয়াকে ‘বেছে বেছে আক্রমণ’ বলে দাবি করেছেন। তার কথায়, “কমিশনের কোনও আইনি অধিকার নেই শিক্ষক-শিক্ষিকাদের এভাবে শোকজ করার। এটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় হস্তক্ষেপ।”এদিকে, রাজ্যজুড়ে BLO নিয়োগ নিয়ে উঠেছে অনিয়মের অভিযোগও। কোথাও পার্শ্ব শিক্ষিকাদের সহকারী শিক্ষক দেখিয়ে কাজ করানো হয়েছে বলে জানিয়েছে সূত্র। চার হাজারেরও বেশি BLO-র তথ্য চেয়ে রিপোর্ট চেয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole