West Bengal Govt: ডিরেক্টরেট কর্মীদের জন্য সুখবর, পদোন্নতি ও বদলিতে বড় ছাড় রাজ্য সরকারের

কলকাতা রাজ্য

নিউজ পোল ব্যুরো: রাজ্য সরকারি (West Bengal Govt) কর্মীদের জন্য বড় স্বস্তির খবর। এতদিন যাঁরা বিভিন্ন সরকারি দপ্তরের ডিরেক্টরেটে কর্মরত ছিলেন, তাঁদের পদোন্নতি ও বদলি সংক্রান্ত একাধিক সীমাবদ্ধতা ছিল। এবার সেই জটিলতা কাটাতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল রাজ্য সরকার (West Bengal Govt)। রাজ্যের বিভিন্ন দপ্তরের ডিরেক্টরেটের কর্মীদের জন্য ‘কমন ক্যাডার’ ব্যবস্থা চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে সচিবালয়ের কর্মীদের মতোই ডিরেক্টরেটের কর্মীরাও পদোন্নতি ও বদলির ক্ষেত্রে আরও বেশি সুযোগ-সুবিধা পেতে চলেছেন।

আরও পড়ুন: Pope Leo: বড়দিনে মানবতার পক্ষে সওয়াল ভ্যাটিকানে, অর্থনৈতিক বৈষম্যকে দুষলেন পোপ

বুধবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাব অনুমোদিত হয়েছে। নতুন ব্যবস্থার ফলে ডিরেক্টরেটের অধীন কর্মচারীরা আর একটি নির্দিষ্ট দপ্তরের মধ্যেই আটকে থাকবেন না। আগে যে নিয়ম চালু ছিল, তাতে কোনও কর্মী একবার যে ডিরেক্টরেটে নিযুক্ত হতেন, সারাজীবন সেই ডিরেক্টরেটেই কাজ করতে হতো। অন্য দপ্তরে বদলির সুযোগ ছিল না। ফলে অনেক ক্ষেত্রেই যোগ্যতা ও অভিজ্ঞতা থাকা সত্ত্বেও পদোন্নতি আটকে যেত, বিশেষ করে ছোট ডিরেক্টরেটগুলিতে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, কোনও ডিরেক্টরেটে পদোন্নতির সুযোগ না থাকলে সংশ্লিষ্ট কর্মী অন্য দপ্তরে বদলি হয়ে পদোন্নতি পেতে পারবেন। এই পুরো প্রক্রিয়াটি নিয়ন্ত্রণ করবে কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তর। রাজ্য সরকারের এই পদক্ষেপের ফলে হাজার হাজার ডিরেক্টরেট কর্মচারীর কর্মজীবনে নতুন দিগন্ত খুলে যাবে বলে মনে করছেন প্রশাসনিক মহল।

এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন। সংগঠনের রাজ্য আহ্বায়ক প্রতাপ নায়েক জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই ফেডারেশনের তরফে ডিরেক্টরেট কমন ক্যাডার গঠনের দাবি জানানো হচ্ছিল। অবশেষে সেই দাবিতে সিলমোহর দিল রাজ্য মন্ত্রিসভা। তাঁর মতে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মচারী-বান্ধব মনোভাব আরও একবার প্রমাণিত হল।

এদিনের মন্ত্রিসভা বৈঠকে আরও একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিভিন্ন দপ্তরের জন্য মোট ১০টি নতুন পদ সৃষ্টির অনুমোদন দেওয়া হয়েছে। পাশাপাশি স্বরাষ্ট্র দপ্তরে ৪ জন চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও সাফ গেমস, এশিয়ান গেমসের মতো আন্তর্জাতিক প্রতিযোগিতায় পদকজয়ী খেলোয়াড়দের জন্য ১৭টি শূন্যপদ পূরণের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। জুডিশিয়াল আধিকারিকদের আবাসনের নিরাপত্তা জোরদার করতে উপ-নিরাপত্তা আধিকারিক পদ তৈরির প্রস্তাবেও সম্মতি দিয়েছে মন্ত্রিসভা। সব মিলিয়ে রাজ্য সরকারের এই সিদ্ধান্তগুলি প্রশাসনিক কাঠামোকে আরও গতিশীল ও কর্মীবান্ধব করবে বলেই মনে করা হচ্ছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole