নিউজ পোল ব্যুরো: বড়দিন (Christmas) উপলক্ষে বিশ্বজুড়ে যখন আনন্দোৎসব চলছে, তখন রোমের ভ্যাটিকান সিটিতেও (Vatican City) উৎসবের আবহ। এই বিশেষ দিনে নিজের প্রথম বড়দিনের বার্তা দিলেন নবনির্বাচিত পোপ লিও (Pope Leo) চতুর্দশ। আর প্রথম বার্তাতেই তিনি বিশ্ববাসীর সামনে তুলে ধরলেন সমকালীন বিশ্বের এক কঠিন বাস্তবতা। তাঁর বক্তব্যে উঠে এল ‘বিকৃত অর্থনীতি’, যুদ্ধ, শরণার্থী সংকট এবং দরিদ্র মানুষের প্রতি অবহেলার মতো গুরুতর বিষয়। মানবতা ও শান্তির পক্ষে দৃঢ় অবস্থান নিয়েই বিশ্ববাসীকে বার্তা দিলেন নতুন পোপ।
আরও পড়ুন: Malda: প্রার্থী ঘোষণার পরই সাসপেন্ড সিভিক ভলান্টিয়ার, জয়ের চ্যালেঞ্জ নিলেন মুজকেরা বিবি
পোপ লিও (Pope Leo) চতুর্দশ তাঁর বক্তব্যে বলেন, আজকের বৈশ্বিক অর্থনৈতিক ব্যবস্থা ক্রমশ বিকৃত হয়ে উঠছে। এই অর্থনীতি মানুষকে আর মানুষ হিসেবে নয়, পণ্যের মতো ব্যবহার করছে। তাঁর মতে, এর ফলেই সমাজে বৈষম্য বাড়ছে এবং দরিদ্র ও প্রান্তিক মানুষ আরও পিছিয়ে পড়ছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গ টেনে এনে তিনি বলেন, এই যুদ্ধ শুধু দুটি দেশের মধ্যেই সীমাবদ্ধ নয়, এর প্রভাব গোটা বিশ্বকে হতাশা ও অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে। তাই অবিলম্বে শান্তি প্রতিষ্ঠা করা জরুরি।
বড়দিনের তাৎপর্য ব্যাখ্যা করতে গিয়ে পোপ লিও (Pope Leo) বলেন, আজ আমরা এমন এক শিশুর জন্ম উদযাপন করছি, যার পরিবার নিজেই হিংসা ও নির্যাতনের শিকার হয়েছিল। সেই প্রসঙ্গ টেনে তিনি শরণার্থী, গৃহহীন ও অভিবাসীদের প্রতি সহানুভূতির আহ্বান জানান। তাঁর কথায়, যখন আমরা শরণার্থীদের দূরে সরিয়ে দিই বা গৃহহীনদের কষ্ট উপেক্ষা করি, তখন আসলে আমরা খ্রিস্টকেই প্রত্যাখ্যান করি। দরিদ্র ও অসহায় মানুষকে অবহেলা করা মানে প্রভু যিশুকেই অবহেলা করা এমনই বার্তা দেন তিনি।
উল্লেখ্য, কয়েক মাস আগেই প্রয়াত পোপ ফ্রান্সিসের উত্তরসূরি হিসেবে চতুর্দশ পোপ লিও নির্বাচিত হন। ভ্যাটিকানের ক্যাথলিক চার্চের ইতিহাসে এই প্রথম কোনও মার্কিন নাগরিক পোপের আসনে বসলেন। শিকাগোয় জন্ম নেওয়া ৬৯ বছর বয়সি এই ধর্মগুরু আগে পরিচিত ছিলেন কার্ডিনাল রবার্ট প্রিভস্ট নামে। পোপ নির্বাচিত হওয়ার আগেই তিনি সামাজিক ও রাজনৈতিক নানা বিষয়ে স্পষ্ট মতপ্রকাশের জন্য পরিচিত ছিলেন।
সমাজমাধ্যমেও তিনি বেশ সক্রিয়। তাঁর এক্স হ্যান্ডলে একাধিকবার বর্ণবিদ্বেষ, ঘৃণাবার্তা ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সরব হতে দেখা গেছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে তিনি মার্কিন বিদেশসচিব জেডি ভান্সের সমালোচনামূলক একটি লেখা পুনরায় শেয়ার করেন। আবার এপ্রিল মাসে বন্দিদের উপর নির্যাতনের অভিযোগে মার্কিন প্রেসিডেন্ট ও এল সালভাদোর সরকারকে প্রকাশ্যে প্রশ্ন তুলেছিলেন তিনি। প্রয়াত পোপ ফ্রান্সিসের ঘনিষ্ঠ বলেই পরিচিত ছিলেন পোপ লিও। বড়দিনের প্রথম বার্তাতেই তাই মানবতা, সহমর্মিতা ও শান্তির স্পষ্ট আহ্বান জানালেন নতুন পোপ।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
