নিউজ পোল ব্যুরো: দীপাবলির রঙিন উৎসবের আবহে ফের কূটনৈতিক আলোচনার কেন্দ্রে উঠে এল ভারত-আমেরিকা সম্পর্ক। হোয়াইট হাউসের (White House) দীপাবলি অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) ঘোষণা করলেন, ভারত রাশিয়া থেকে তেল কেনা ধীরে ধীরে কমিয়ে দেবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার সাম্প্রতিক ফোনালাপে নাকি এই আশ্বাসই দিয়েছেন মোদী এমনই দাবি ট্রাম্পের।
আরও পড়ুন: Tejashwi Yadav: দিদিদের দিলেন ‘তেজস্বী’ উপহার, নীতীশের ভোটদূর্গে সরাসরি হামলা
হাসিমুখে প্রদীপ জ্বালিয়ে ট্রাম্প (Donald Trump) বলেন, “আমার বন্ধু নরেন্দ্র মোদী (Narendra Modi) রুশ তেল আমদানি কমানোর বিষয়ে আশ্বাস দিয়েছেন। আমরা দু’জনেই চাই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শেষ হোক, তাই ভারতও তার ভূমিকা রাখছে।” তার দাবি, দিল্লি ইতিমধ্যেই আগের তুলনায় রাশিয়া থেকে তেল কেনা হ্রাস করেছে এবং ভবিষ্যতেও আরও কমাবে।
তবে ট্রাম্পের (Donald Trump) এই মন্তব্যের সঙ্গে সঙ্গেই শুরু হয়েছে রাজনৈতিক টানাপোড়েন। ভারতের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, ট্রাম্প যেই ফোনালাপের কথা উল্লেখ করেছেন, তেমন কোনও আলাপচারিতা আসলে হয়নি। তাদের বক্তব্য, মোদীর সঙ্গে ট্রাম্পের কথা হয়েছে শুধুমাত্র দীপাবলির শুভেচ্ছা বিনিময় নিয়েই। প্রধানমন্ত্রী নিজেও তার এক্স (পূর্বতন টুইটার) হ্যান্ডেলে লিখেছেন, “প্রেসিডেন্ট ট্রাম্পের দিওয়ালির শুভেচ্ছার জন্য ধন্যবাদ জানাই। আলোর এই উৎসবে আমাদের দুই মহান গণতন্ত্র বিশ্বকে আশার আলোয় আলোকিত করুক এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে একসঙ্গে লড়ুক।” কিন্তু সেই পোস্টে রুশ তেল বা যুদ্ধ নিয়ে কোনও ইঙ্গিতই ছিল না।
তবুও, ট্রাম্পের বক্তব্যে নতুন করে জল্পনা তৈরি হয়েছে। তিনি ইঙ্গিত দিয়েছেন, আগামী সপ্তাহে আসিয়ান সম্মেলনে মোদির সঙ্গে তার সাক্ষাৎ হতে পারে, যেখানে এই বিষয় নিয়েই আলোচনা চলতে পারে। যদিও দিল্লির তরফে এখনও পর্যন্ত মোদীর ওই সফর নিয়ে কোনও সরকারি ঘোষণা হয়নি।
বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই মন্তব্য একদিকে যেমন তার কূটনৈতিক কৌশলকে সামনে আনছে, তেমনি ভারতের জন্যও এটি এক সূক্ষ্ম ভারসাম্যের পরীক্ষা। একদিকে পশ্চিমের চাপ, অন্যদিকে রাশিয়ার সঙ্গে পুরনো সম্পর্ক এই দুই মেরুর টানেই এখন ভারতের জ্বালানি নীতি নির্ধারণ হচ্ছে। দীপাবলির আলোয় যেমন উজ্জ্বলতা ছড়িয়েছে, তেমনি এই রাজনৈতিক আলোচনাও ছড়িয়ে দিচ্ছে নতুন কূটনৈতিক উত্তাপ।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@thenewspole
