Howrah: সামান্য বচসা থেকে বোমাবাজি টিকিয়াপাড়ায়! বিরিয়ানি দোকানের গোলমালে রণক্ষেত্রের চেহারা নিল এলাকা

রাজ্য

নিউজ পোল ব্যুরো: হাওড়ার (Howrah) টিকিয়াপাড়ায় সামান্য বিরিয়ানি কেনা ঘিরেই ছড়াল চরম উত্তেজনা। দোকানে দামাদামি থেকেই শুরু হয় বচসা, যা অল্প সময়ের মধ্যেই রূপ নেয় ভয়াবহ সংঘর্ষে। দু’পক্ষের মধ্যে হাতাহাতি, মারামারি তো হয়ই, তার সঙ্গে পরিস্থিতি আরও ভয়ংকর করে তোলে পরপর বোমা বিস্ফোরণের শব্দ। আচমকা এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। ভয়ে অনেক স্থানীয় বাসিন্দা ঘরের দরজা-জানলা বন্ধ করে আশ্রয় নেন।

আরও পড়ুন: Kolkata: আনন্দপুরে মোমো তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড, জতুগৃহে মৃত্যু বেড়ে ৮

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, টিকিয়াপাড়ার (Howrah) পাগলাগেট এলাকায় একটি বিরিয়ানির দোকান গভীর রাত পর্যন্ত খোলা থাকে। সোমবার রাত প্রায় ১২টা নাগাদ কয়েকজন বহিরাগত যুবক সেখানে বিরিয়ানি কিনতে আসে। অভিযোগ, তারা মদ্যপ অবস্থায় ছিল। দোকানদারের সঙ্গে বিরিয়ানির দাম নিয়ে শুরু হয় দর কষাকষি। কম দামে বিরিয়ানি দিতে দোকানদার রাজি না হওয়ায় বচসা বাড়তে থাকে। একপর্যায়ে হুমকি দিয়ে ওই যুবকেরা এলাকা ছেড়ে চলে যায়।

কিন্তু কিছুক্ষণ পরেই তারা আরও বেশ কয়েকজনকে সঙ্গে নিয়ে আবার দোকানে ফিরে আসে। তখন পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, দোকানদারকে মারধর করা হয়। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে স্থানীয়দের একাংশ প্রতিবাদে এগিয়ে এলে বহিরাগতদের সঙ্গে তাদের সংঘর্ষ শুরু হয়। অভিযোগ, সেই সময়েই এলাকায় (Howrah) ব্যাপক বোমাবাজি হয়। একের পর এক বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে গোটা টিকিয়াপাড়া।

ঘটনার খবর পেয়ে হাওড়া থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শুরু হয় ধরপাকড়। পুলিশ চারজনকে আটক করেছে বলে জানা গিয়েছে। বোমাবাজির ঘটনায় বেশ কয়েকজন আহত হন। তাঁদের উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে খবর। সামান্য বিরিয়ানির দাম নিয়ে এমন রক্তক্ষয়ী অশান্তি ঘিরে এলাকাজুড়ে শুরু হয়েছে তীব্র চর্চা ও উদ্বেগ।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole