নিউজপোল ব্যুরো: রাজ্যে নারী সুরক্ষায় এবার নজিরবিহীন কড়া অবস্থানের কথা ঘোষণা করা হলো। বিধানসভার কক্ষ থেকে সরাসরি পুলিস প্রশাসনকে স্পষ্ট ও ফ্রি হ্যান্ড বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি সাফ জানিয়ে দিলেন, রাজ্যে যদি কোনো মহিলার সঙ্গে কোনো অপরাধমূলক ঘটনা ঘটে, তবে পুলিসকে আর ওপরতলার কোনো নির্দেশের জন্য অপেক্ষা করতে হবে না। যা পদক্ষেপ নেওয়ার, সরাসরি নিয়ে নিতে হবে; একজন মুখ্যমন্ত্রী হিসেবে তার সমস্ত রাজনৈতিক ও প্রশাসনিক দায় তিনি নিজে কাঁধে নেবেন।
বিধানসভায় দাঁড়িয়ে দিল্লির নির্ভয়া কাণ্ডের উদাহরণ টেনে মুখ্যমন্ত্রী বলেন, দিল্লি পুলিস যদি অপরাধীদের চূড়ান্ত শাস্তি দিতে পারে, তবে এই রাজ্য পিছিয়ে থাকবে কেন? আইন মেনেই কড়া থেকে কঠোরতম ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। বারুইপুরের নাবালিকা ধর্ষণ ও খুন কাণ্ডে অভিযুক্তকে এনকাউন্টারে খতম করার প্রসঙ্গ তুলে তিনি দাবি করেন, কীভাবে অপরাধ দমন করতে হয় এবং সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে হয়, তা সেই বারুইপুরের ঘটনাতেই স্পষ্ট প্রমাণ হয়ে গেছে। অপরাজিতা বিলের নো-অবজেকশন সার্টিফিকেট (NOC) প্রদান সহ সন্দীপ ঘোষদের কঠোর শাস্তির আশ্বাসও উঠে আসে তাঁর বক্তব্যে।
শুধু নারী সুরক্ষাই নয়, সরকারের দুর্নীতি প্রশ্নেও একেবারে জিরো টলারেন্স নীতি স্পষ্ট করেছেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, আগামী ২৫ তারিখ বিধানসভায় পেশ করা হবে বহুল চর্চিত সিএজি (CAG) রিপোর্ট। পরবর্তী অধিবেশনে সেই রিপোর্ট নিয়ে বিস্তারিত আলোচনা হবে। ক্যাগের রিপোর্টে যেখানেই দুর্নীতির নাম উঠে আসবে, তিনি কোনো প্রভাবশালী নেতা বা মন্ত্রীকে রেয়াত করবেন না। অন্যায়ের প্রমাণ মিললে সরাসরি রাজ্যপালের কাছে সুপারিশ পাঠাবে রাজ্য এবং এফআইআর (FIR) দায়ের করে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে।
