TET, Supreme Court : প্রাথমিক শিক্ষকদের জন্য কড়া নির্দেশ, টেট না পাশ করলে মিলবে না পদোন্নতিও

রাজ্য শিক্ষা

নিউজ পোল ব্যুরো: টেট (TET) নিয়ে সাম্প্রতিক নির্দেশের পর নড়েচড়ে বসেছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ (West Bengal Primary Education Board)। সোমবার পর্ষদের পক্ষ থেকে সব জেলার জেলা প্রাথমিক বিদ্যালয় পর্ষদ বা ডিপিএসসি (DPSC)-র চেয়ারম্যানদের কাছে চিঠি পাঠানো হয়েছে। সেখানে কর্মরত প্রতিটি প্রাথমিক শিক্ষকের বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে। কোন শিক্ষক কবে যোগ দিয়েছেন, কারা শীঘ্রই অবসরে যাবেন এসব খুঁটিনাটি পরিসংখ্যান দ্রুত জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বর্তমানে রাজ্যে প্রায় দেড় লক্ষ প্রাথমিক শিক্ষক কর্মরত। তাদের মধ্যে অনেকে এখনও টেট (TET) উত্তীর্ণ নন। এবার সুপ্রিম কোর্ট (Supreme Court)-এর নির্দেশ অনুযায়ী, এই শিক্ষক-শিক্ষিকাদের ফের পরীক্ষায় বসতে হবে। আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, আগামী দু’বছরের মধ্যে টেট পাশ করতে না পারলে চাকরি হারানোর ঝুঁকি তৈরি হবে। একই সঙ্গে পদোন্নতির সুযোগ থেকেও বঞ্চিত হবেন তাঁরা।

আরও পড়ুন:Kolkata Airport: রাতভর বৃষ্টিতে জলমগ্ন কলকাতা বিমানবন্দর, সমস্যায় যাত্রীরা

শীর্ষ আদালতের বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি অগাস্টিন জর্জ মাসিহের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, পাঁচ বছরের বেশি চাকরির অভিজ্ঞতা থাকলেও টেট পাশ না করলে শিক্ষকতার সুযোগ থাকবে না। তবে ২০০৯ সালে কার্যকর হওয়া শিশুদের বিনামূল্যে ও বাধ্যতামূলক শিক্ষার অধিকার আইন (RTE Act) কার্যকর হওয়ার আগে যারা চাকরিতে যোগ দিয়েছেন, তাঁদের জন্য কিছুটা ছাড় রাখা হয়েছে। ওই শিক্ষক-শিক্ষিকাদের টেট পাশ করার জন্য দু’বছরের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।

এছাড়াও আদালত বলেছে, যেসব শিক্ষক-শিক্ষিকা টেট পাশ করবেন না, তাঁদের হয় স্বেচ্ছায় চাকরি ছাড়তে হবে অথবা টার্মিনাল বেনিফিট নিয়ে অবসর নিতে হবে। ২০১১ সালে ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন (NCTE) জানিয়েছিল, প্রাথমিক শিক্ষক পদে নিয়োগ পেতে টেট বাধ্যতামূলক। সেই সিদ্ধান্তের ভিত্তিতেই এবার আদালত এত কঠোর অবস্থান নিয়েছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

তবে এক্ষেত্রে কিছু ছাড়ও থাকছে। যাদের অবসর নিতে আর পাঁচ বছরেরও কম সময় বাকি, তাঁদের ক্ষেত্রে টেট বাধ্যতামূলক নয়। তাঁরা টেট পাশ না করলেও চাকরি চালিয়ে যেতে পারবেন। তবে এই সময়ে পদোন্নতির কোনও সুযোগ থাকবে না। সংখ্যালঘু শিক্ষাপ্রতিষ্ঠানগুলিতে টেট বাধ্যতামূলক হবে কি না, তা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি সুপ্রিম কোর্ট। বিষয়টি বৃহত্তর বেঞ্চে পাঠানো হয়েছে। ফলে এখনই এ নিয়ে চূড়ান্ত রায় আসেনি।