২১ জুলাইয়ের মেগা সভার টাকা আসবে কোথা থেকে? মমতার তৃণমূলের ৪৪০ কোটির তহবিলে হাইকোর্টের শক্ত ব্রেক! ইচ্ছেমতো টাকা তোলার দিন শেষ!

breakingnews অপরাধ আইন রাজনীতি রাজ্য

নিউজপোল ব্যুরো: তৃণমূল কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ (Account Freeze) মামলায় এবার আরও এক বিরাট ধাক্কা খেল কালীঘাট শিবির! লোকসভা ভোটের রেশ কাটতে না কাটতেই সামনেই আসছে দলের সবচেয়ে বড় মেগা ইভেন্ট ২১শে জুলাইয়ের শহিদ দিবস সমাবেশ। আর তার আগেই তৃণমূলের ৪৪০ কোটি টাকার বিপুল মূলধনের ৩টি প্রধান বেসরকারি ব্যাঙ্ক অ্যাকাউন্টের খরচে একপ্রকার শক্ত লাগাম টেনে দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি সৌগত ভট্টাচার্য স্পষ্ট জানিয়ে দিয়েছেন, মমতার তৃণমূলের ইচ্ছেমতো টাকা তোলার দিন আপাতত শেষ! এখন থেকে দলের রোজনামচার সমস্ত খরচ নিয়ন্ত্রণ করবেন আদালতের নিযুক্ত করা স্পেশ্যাল অফিসার, অবসরপ্রাপ্ত বিচারপতি সুব্রত তালুকদার।

ঘটনার সূত্রপাত, বিধাননগর সাইবার থানায় বেসুরো বা বিক্ষুব্ধ কয়েকজন তৃণমূল বিধায়কের চাঞ্চল্যকর অভিযোগের পর। সেই কমপ্লেনের ভিত্তিতেই পুলিশের নির্দেশে চটজলদি ফ্রিজ করা হয়েছিল তৃণমূলের ৪৪০ কোটির ৩টি অ্যাকাউন্ট। পরে আরও ৫টি অ্যাকাউন্ট লক করে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। এই ডেবিট ফ্রিজ পুরোপুরি তোলার আর্জি নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল কালীঘাট। কিন্তু বৃহস্পতিবার হাইকোর্ট জানিয়ে দিল, আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এই কড়া বিধিনিষেধ জারি থাকবে। প্রথম দফায় ১৯ জুন যে ৩টি অ্যাকাউন্ট ফ্রিজ হয়েছিল, স্রেফ সেগুলির ওপর আংশিক ছাড় দেওয়া হচ্ছে। বাকি ৫টি অ্যাকাউন্ট এখনই খুলছে না, সেগুলি পুরোপুরি লক বা ফ্রিজই থাকবে।

এখন স্বাভাবিকভাবেই বড় প্রশ্ন উঠছে— আদালতের এই কড়া আর্থিক নিয়ন্ত্রণের মধ্যে দাঁড়িয়ে ২১ জুলাইয়ের মেগা সমাবেশের বিপুল খরচ কীভাবে মেটানো হবে? হাইকোর্টের এই নির্দেশের পর সেই প্রশ্নই এখন রাজনৈতিক মহলে সবচেয়ে বড় আলোচনার বিষয়।