নিউজ পোল ব্যুরো: সাউথ ক্যালকাটা ল (South Calcutta Law College) কলেজের উপাধ্যক্ষ নয়না চট্টোপাধ্যায় (Nayna Chatterjee) পদত্যাগপত্র জমা দিলেও আপাতত সেই পদ থেকে অব্যাহতি পাচ্ছেন না। বৃহস্পতিবার কলেজ পরিচালন সমিতির বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, নতুন অধ্যক্ষ যোগ না দেওয়া পর্যন্ত নয়নাকেই দায়িত্ব সামলাতে হবে। এর আগে মঙ্গলবার কলেজ পরিচালন সমিতির সভাপতি তথা তৃণমূল বিধায়ক অশোক দেবের বাড়িতে গিয়ে পদত্যাগপত্র জমা দেন নয়না।
আরও পড়ুন:Dipika Padukone: দায়বদ্ধতার অভাবে বড় ধাক্কা! ‘কল্কি ২৮৯৮ এডি’র সিকুয়েল থেকে বাদ দীপিকা
বৈঠক শেষে তিনি জানান, “আমি যদি এখনই পদ থেকে সরে যাই, কলেজে (South Calcutta Law College) অচলাবস্থা তৈরি হতে পারে। সেই কারণেই আমাকে উপাধ্যক্ষ হিসেবে কাজ চালিয়ে যেতে বলা হয়েছে।” অন্যদিকে সভাপতি অশোক দেব বলেন, “শারীরিক ও মানসিক চাপের কারণে নয়না চট্টোপাধ্যায় পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছিলেন। কিন্তু যেহেতু বিষয়টি আদালতে বিচারাধীন, তাই আপাতত তাঁকে দায়িত্বে থাকতে বলা হয়েছে।”
এই দিন বৈঠকে কলেজের (South Calcutta Law College) দেওয়াল লিখন নিয়েও প্রশ্ন ওঠে। গত জুনে কলেজ চত্বরে প্রথম বর্ষের এক ছাত্রী ধর্ষণের অভিযোগ ওঠার পর থেকেই অভিযুক্তের নামে স্লোগানে ভরে গিয়েছিল কলেজের ভিতর-বাহির। ঘটনার আড়াই মাস কেটে গেলেও এখনও সেই স্লোগান মোছা হয়নি। এ নিয়ে প্রশ্ন করা হলে সভাপতি জানান, “পুজোর ছুটিতে যখন ক্লাস বন্ধ থাকবে, তখন দেওয়াল সাফাই এবং অন্যান্য কাজ সেরে ফেলা হবে।”
উল্লেখ্য, ধর্ষণের ঘটনায় ধামাচাপা দেওয়ার অভিযোগে উপাধ্যক্ষ নয়নার ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। এমনকি ধর্ষণের দিন কলেজের রেজিস্টারে তাঁর স্বাক্ষর নিয়েও বিতর্ক তৈরি হয়েছিল। এ ঘটনায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের (Calcutta University) গড়া তদন্ত কমিটি ইতিমধ্যেই কলেজ পরিদর্শন করেছে এবং রিপোর্ট জমা দিয়েছে উপাচার্যের কাছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, সব দিক খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে কলেজে (South Calcutta Law College)
ভর্তি প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগও প্রকাশ্যে এসেছে। তবে নয়না চট্টোপাধ্যায় সব অভিযোগ খারিজ করে বলেছেন, “আমি সবসময় চেয়েছি কলেজ ভাল ভাবে চলুক। নানা বাধার মধ্যে দায়িত্ব পালন করতে গিয়ে প্রচুর মানসিক চাপ সহ্য করেছি। বোর্ডই শেষ সিদ্ধান্ত নেবে।” সব মিলিয়ে উপাধ্যক্ষ পদে নয়না চট্টোপাধ্যায়ের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা থাকলেও আপাতত কলেজ পরিচালনা চালিয়ে যেতে হবে তাঁকেই।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
