Aryaan Khan: ববি দেওলের চেষ্টায় বদলে গেল মুহূর্ত, প্রিমিয়ারে হাসলেন গম্ভীর আরিয়ান খান

পেজ 3 বিনোদন

নিউজ পোল ব্যুরো: শাহরুখ খানের ছেলে আরিয়ান খান (Aryaan Khan) অবশেষে শোবিজের মঞ্চে পা রাখলেন পরিচালক হিসেবে। তাঁর প্রথম নির্মাণ ‘দ্য ব্যাডস অফ বলিউড’ (The Bads of Bollywood) নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে ১৮ সেপ্টেম্বর। বুধবার মুম্বইতে আয়োজিত হয় ঝাঁ চকচকে প্রিমিয়ার, যেখানে বলিউডের একঝাঁক তারকা উপস্থিত ছিলেন। কিন্তু সেদিনের আলোচনার কেন্দ্রে চলে আসে এক ভিন্ন দৃশ্য গম্ভীর স্বভাবের জন্য পরিচিত আরিয়ানকে হাসাতে সক্ষম হন ববি দেওল (Boby Deol)। আর সেই বিরল মুহূর্তই এখন ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়।

আরও পড়ুন: South Calcutta Law College: উপাধ্যক্ষ পদ ছাড়তে পারলেন না নয়না, নতুন অধ্যক্ষ না আসা পর্যন্ত দায়িত্বে থাকবেন

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, প্রিমিয়ারে মিডিয়ার সামনে ফটো সেশনের সময়ও আরিয়ান (Aryaan Khan) একেবারে গম্ভীর মুখে বসে রয়েছেন। তাঁর এই ভাবভঙ্গি অনুরাগীদের কাছে বরাবরের মতোই কৌতূহলের বিষয়। কিন্তু হঠাৎই ববি দেওল এগিয়ে এসে বন্ধুর ছেলেকে হালকা ধাক্কা দেন এবং নিজেই বড় করে হাসি দেখান। এতেই ভেঙে যায় আরিয়ানের গম্ভীর ভাব। ক্যামেরার দিকে তাকিয়ে হাসি দেন তিনি। সেই হাসির মুহূর্তেই মাত হয়ে যায় ভক্তরা। এক নেটাগরিক লিখেছেন, “হাসলে তাঁকে সত্যিই অসাধারণ দেখায়।” আরেকজনের মন্তব্য, “দেখে মনে হচ্ছে প্রচণ্ড চাপের মধ্যে ছিল।”

এই প্রথম পরিচালনায় হাত দিলেন আরিয়ান (Aryaan Khan)। অভিনয়ে নয়, শুরুর পথেই তিনি বেছে নিয়েছেন ভিন্ন দিশা। তাঁর বাবা শাহরুখ খানের প্রযোজনা সংস্থা রেড চিলিজ এন্টারটেইনমেন্টের (Red Chili’s Entertainment) ব্যানারে নির্মিত হয়েছে ওয়েব সিরিজটি। কাহিনিতে রয়েছে গ্ল্যামার, প্রতিশোধ এবং বলিউডের অন্দরমহলের নানা টানাপড়েন। সিরিজটিতে অভিনয় করেছেন লক্ষ্য, সাহের বাম্বা, ববি দেওল, মনোজ পাওয়া, মোনা সিং, মনিশ চৌধুরী, রঘব জুয়াল, আন্যা সিং, বিজয়ন্ত কোহলি, রাজত বেদী এবং গৌতমী কাপুর।

প্রিমিয়ারের রাতে উপস্থিত ছিলেন শাহরুখ খান (Shah Rukh Khan), স্ত্রী গৌরী, মেয়ে সুহানা এবং ছোট ছেলে আব্রাম। অনুষ্ঠানটিতে ছিলেন আরিয়ানের (Aryaan Khan) প্রেমিকা হিসেবে চর্চায় থাকা ব্রাজিলিয়ান অভিনেত্রী-মনকিন লারিসা বোনেসিওও। এ ছাড়াও ঝলমল করেছেন বলিউডের তারকা অ্যালিয়া ভাট, কাজল, অজয় দেবগণ, রণবীর কাপুর, ভিকি কৌশল, করণ জোহর, ফারহা খান এবং আরও অনেকে।

সব মিলিয়ে, আরিয়ানের (Aryaan Khan) প্রথম পদক্ষেপ ঘিরে উন্মাদনা তুঙ্গে। তবে তাঁর একটি হাসিই প্রমাণ করে দিল, এই গম্ভীর তরুণের ভেতরেও লুকিয়ে আছে এক সহজ-সরল দিক, যা হয়তো দর্শকরা আগামীতেও আরও দেখতে চাইবেন।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole