নিউজ পোল ব্যুরো: রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা (DA) পরিশোধ নিয়ে নতুন করে জটিলতা তৈরি হয়েছে। সুপ্রিম কোর্টে (Supreme Court) রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, বকেয়া ডিএ (DA) মেটানোর আগে প্রায় ৩ লক্ষ ১৭ হাজারেরও বেশি কর্মীর নথি খতিয়ে দেখা প্রয়োজন। প্রশাসনের দাবি, এই বিপুল সংখ্যক কর্মীর পরিষেবা সংক্রান্ত তথ্য যাচাই না করে সরাসরি অর্থ প্রদান করা সম্ভব নয়। রাজ্য সরকারের আইনজীবীরা আদালতে জানান, ২০১৬ সালের আগে পর্যন্ত অধিকাংশ কর্মীর তথ্য ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষিত ছিল না। সেই সময় কর্মীদের পরিষেবা সংক্রান্ত সমস্ত তথ্য হাতে লেখা সার্ভিস বুকের (Service Book) মাধ্যমে রাখা হত। ফলে সেই পুরনো নথিগুলিকে এখন ডিজিটাল ডেটায় রূপান্তর করার কাজ চলছে। এই ডিজিটাইজেশন প্রক্রিয়া সময়সাপেক্ষ হওয়ায় ডিএ (DA) বকেয়া মেটাতে দেরি হচ্ছে বলেই আদালতে জানানো হয়েছে। এছাড়াও রাজ্যের তরফে আরও একটি গুরুত্বপূর্ণ কারণ তুলে ধরা হয়েছে। সম্প্রতি ভোটার তালিকা সংশোধন সংক্রান্ত বিশেষ প্রক্রিয়া বা এসআইআর (SIR) চালু হওয়ায় প্রশাসনের বহু আধিকারিক সেই কাজে ব্যস্ত। ফলে ডিএ (DA) সংক্রান্ত নথি যাচাই ও প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য পর্যাপ্ত প্রশাসনিক কর্মী পাওয়া যাচ্ছে না বলে দাবি করেছে রাজ্য। প্রশাসনিক ও প্রযুক্তিগত এই সীমাবদ্ধতার কথা উল্লেখ করে বকেয়া ডিএ (DA)পরিশোধের জন্য সুপ্রিম কোর্টের কাছে অতিরিক্ত সময় চেয়েছে রাজ্য সরকার।
আরও পড়ুন : Mamata Banerjee : এপ্রিল নয়, ৭ মার্চ থেকেই ‘যুবসাথী’র টাকা! ধর্মতলায় মঞ্চ থেকে বড় ঘোষণা মমতার
উল্লেখ্য, এর আগে কলকাতা হাই কোর্ট (Calcutta High Court) রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ (DA) মেটানোর নির্দেশ দিয়েছিল। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে (Supreme Court) যায়। পরবর্তীতে শীর্ষ আদালত নির্দেশ দেয়, মোট বকেয়া ডিএ-র (DA) অন্তত ২৫ শতাংশ কর্মীদের মিটিয়ে দিতে হবে। এই অর্থ পরিশোধের জন্য আদালত প্রথমে ৬ সপ্তাহ সময়ও বেঁধে দিয়েছিল। তবে নির্ধারিত সময়ের মধ্যে সেই অর্থ দেওয়া হয়নি। এরপর রাজ্য সরকার অতিরিক্ত ছয় মাস সময় চেয়ে আবেদন জানায়। গত বছরের সেপ্টেম্বরে এই মামলার শুনানি শেষ হয়। পরে চলতি বছরের ৫ ফেব্রুয়ারি বিচারপতি সঞ্জয় করোল (Justice Sanjay Karol) এবং বিচারপতি মনোজ মিশ্র (Justice Manoj Mishra)-র বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেয়, মহার্ঘ ভাতা সরকারি কর্মীদের আইনি অধিকার। ফলে বকেয়া ডিএ (DA)মেটাতেই হবে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole
সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশ অনুযায়ী, বকেয়া ডিএ-র (DA)২৫ শতাংশ দুই দফায় মে মাসের মধ্যে পরিশোধ করতে হবে। তার মধ্যে প্রথম কিস্তি দেওয়ার শেষ সময়সীমা নির্ধারণ করা হয়েছে ৩১ মার্চ। বাকি অর্থ কীভাবে এবং কত সময়ের মধ্যে দেওয়া হবে, সেই সিদ্ধান্ত নেবে অবসরপ্রাপ্ত বিচারপতি ইন্দু মালহোত্রা (Justice Indu Malhotra)-র নেতৃত্বাধীন একটি কমিটি। তবে আদালতের স্পষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও এখনও পর্যন্ত রাজ্য সরকারি কর্মীদের হাতে বকেয়া ডিএ (DA) পৌঁছয়নি। ফলে স্বাভাবিকভাবেই রাজ্যের নতুন আবেদন ঘিরে কর্মীদের মধ্যে হতাশা এবং ক্ষোভ আরও বেড়েছে।
