OM Birla: ওম বিড়লার অনাস্থা প্রস্তাবে সমর্থনের সিলমোহর তৃণমূলের, দিল্লিতে তৎপরতা তুঙ্গে

দেশ রাজনীতি

নিউজ পোল ব্যুরো: লোকসভার স্পিকার ওম বিড়লার (OM Birla) বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবকে সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল কংগ্রেস (TMC)। সূত্রের খবর, দলের নেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ইতিমধ্যেই টিএমসি সাংসদদের এই প্রস্তাবের পক্ষে অবস্থান নিতে নির্দেশ দিয়েছেন।

আরও পড়ুন:Mamata Banerjee : এপ্রিল নয়, ৭ মার্চ থেকেই ‘যুবসাথী’র টাকা! ধর্মতলায় মঞ্চ থেকে বড় ঘোষণা মমতার

আগামী সোমবার থেকেই সংসদে বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব শুরু হওয়ার কথা। সেই অধিবেশনেই স্পিকার ওম বিড়লার (OM Birla) অপসারণের দাবি তুলে সরব হতে চলেছে কংগ্রেস-সহ বিভিন্ন বিরোধী দল। এই ইস্যুতে এবার বিরোধীদের সঙ্গেই কাঁধে কাঁধ মিলিয়ে অবস্থান নিতে চলেছে তৃণমূল কংগ্রেসও। ফলে ঘাসফুল শিবিরের সাংসদরাও স্পিকারের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবকে সমর্থন করবেন বলে জানা যাচ্ছে।

কেন এই অপসারণের দাবি?

গত মাসে বাজেট অধিবেশনের সময় থেকেই এই বিতর্কের সূত্রপাত। বিরোধী শিবিরের অভিযোগ, সংসদে তাঁদের বক্তব্য তুলে ধরার সুযোগ দেওয়া হচ্ছে না। বিশেষ করে কংগ্রেস নেতা রাহুল গান্ধীসহ একাধিক বিরোধী সাংসদকে কথা বলতে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ ওঠে স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে। সেই কারণেই তাঁর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার উদ্যোগ নেয় বিরোধীরা। ইতিমধ্যে সেই নোটিসে ১১৮ জন সাংসদের স্বাক্ষর রয়েছে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, এবার সেই তালিকায় যোগ হতে চলেছে তৃণমূল কংগ্রেসের সাংসদদের নামও।

উল্লেখ্য, প্রথমদিকে স্পিকারের বিরুদ্ধে ক্ষোভ থাকলেও ওই প্রস্তাবে সই করেননি তৃণমূলের সাংসদরা। তবে দলনেত্রীর নির্দেশের পর পরিস্থিতি বদলাতে চলেছে। এবার তাঁরা অনাস্থা প্রস্তাবের নোটিসে স্বাক্ষর করতে পারেন বলে রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে।

রাজনৈতিক মহলের একাংশের মতে, সংসদের কার্যপ্রণালী ও স্পিকারের (OM Birla) ভূমিকা নিয়ে তৃণমূলের দীর্ঘদিনের আপত্তি রয়েছে। তাই এই ইস্যুতে অন্যান্য বিরোধী দলের সঙ্গে একজোট হয়ে বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক লড়াই জোরদার করতে চাইছে তৃণমূল।

ধর্নামঞ্চে মমতা

এদিকে নির্বাচন কমিশনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ধর্নায় বসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, বহু যোগ্য ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এই ইস্যুতে তিনি একযোগে নির্বাচন কমিশন ও বিজেপিকে আক্রমণ করেছেন। মমতার দাবি, নির্বাচনে জেতার স্বার্থেই কমিশনকে ব্যবহার করে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার কাজ করছে বিজেপি।

ধর্নামঞ্চ থেকে তিনি পশ্চিমবঙ্গ বিভাজনের আশঙ্কার কথাও তুলে ধরেন। তাঁর অভিযোগ, বাংলা ও বিহারের কিছু অংশ আলাদা করে নতুন একটি কেন্দ্রশাসিত অঞ্চল তৈরির পরিকল্পনা করছে কেন্দ্রীয় সরকার। তবে তিনি স্পষ্ট জানিয়ে দেন, এমন কোনও উদ্যোগ সফল হতে দেওয়া হবে না। এছাড়াও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়েও কেন্দ্রের বিজেপি সরকারকে তীব্র আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। এই ইস্যুতে প্রতিবাদ জানাতে আগামী ৮ মার্চ রাজ্যের মহিলাদের নিয়ে একটি মিছিল সংগঠিত করারও ডাক দিয়েছেন তিনি।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole