নিউজপোল ব্যুরো: রাজ্যের নতুন সরকারের প্রথম বাজেটে মহিলাদের জন্য একগুচ্ছ বড় ঘোষণা সামনে এসেছে। শিক্ষা, চাকরি, স্বাস্থ্য ও নিরাপত্তাকে গুরুত্ব দিয়ে একাধিক নতুন প্রকল্প এবং আর্থিক সাহায্যের কথা ঘোষণা করা হয়েছে। ফলে রাজ্যের বহু পরিবারের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে।
সবচেয়ে বড় ঘোষণা হল অন্নপূর্ণা যোজনা। এই প্রকল্পের মাধ্যমে যোগ্য মহিলাদের প্রতি মাসে ৩ হাজার টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে। এই প্রকল্পের জন্য বাজেটে ৩৬ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ইতিমধ্যেই অনেক উপভোক্তার অ্যাকাউন্টে টাকা পৌঁছতে শুরু করেছে।
সরকারি চাকরিতেও মহিলাদের জন্য বড় সুযোগ তৈরি হয়েছে। ১ লক্ষ নতুন সরকারি শূন্যপদে নিয়োগের মধ্যে ৩৩ শতাংশ পদ মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে। এর ফলে বহু যুবতীর সামনে নতুন কর্মসংস্থানের পথ খুলে যাবে। উচ্চশিক্ষায় উৎসাহ বাড়াতে সরকারি বা সরকার-পোষিত কলেজে ভর্তি হওয়া অবিবাহিত ছাত্রীদের এককালীন ৫০ হাজার টাকা দেওয়ার ঘোষণা করা হয়েছে। পাশাপাশি প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য ছাত্র-ছাত্রী উভয়কেই ৩০ হাজার টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে।
অন্তঃসত্ত্বা মহিলাদের জন্য মোট ২১ হাজার টাকা আর্থিক সহায়তার ব্যবস্থা করা হয়েছে। আশা কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের মাসিক ভাতা ৫ হাজার টাকা বৃদ্ধি করা হয়েছে। মিড-ডে মিল কর্মীদের ভাতাও বাড়ানো হয়েছে মাসে ১ হাজার টাকা।নারী সুরক্ষায় প্রতিটি মহকুমায় মহিলা থানা, প্রতিটি থানায় মহিলা হেল্পডেস্ক এবং বিশেষ ‘দুর্গা সুরক্ষা স্কোয়াড’ গঠনের পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি মাতঙ্গিনী হাজরা ও রানি শিরোমণির নামে দুটি মহিলা ব্যাটেলিয়ন তৈরি হবে।
এছাড়া কাঁথি, কালিয়াচক, জঙ্গিপুর, সাগর, তুফানগঞ্জ ও ফলতায় নতুন মহিলা কলেজ গড়ে তোলা হবে। স্কুল ও কলেজে স্যানিটারি ভেন্ডিং মেশিন বসানোর উদ্যোগও নেওয়া হয়েছে।সব মিলিয়ে শিক্ষা থেকে চাকরি, স্বাস্থ্য থেকে নিরাপত্তা—রাজ্যের মহিলাদের জন্য একাধিক বড় ঘোষণা এখন রাজনৈতিক মহল থেকে সাধারণ মানুষের আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।
