নিউজপোল ব্যুরো: একটানা গরম আর অস্বস্তিকর আবহাওয়ার পর অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন কলকাতাবাসী। গত কয়েকদিন ধরে দফায় দফায় বৃষ্টির জেরে শহরের তাপমাত্রা অনেকটাই কমেছে। শুধু কলকাতাই নয়, দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেও বিক্ষিপ্ত বৃষ্টির কারণে গরমের দাপট অনেকটাই কমেছে। তবে উত্তরবঙ্গের পরিস্থিতি তুলনায় অনেক বেশি উদ্বেগের। প্রবল বৃষ্টির জেরে একাধিক এলাকায় রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ভোগান্তিতে পড়তে হচ্ছে পর্যটকদের।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ মূলত মেঘলা থাকবে। মাঝে মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। ফলে দিনের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কিছুটা কম থাকলেও বাতাসে আর্দ্রতার কারণে অস্বস্তি পুরোপুরি কাটবে না। আগামী ২৪ ঘণ্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে প্রায় ২৬ ডিগ্রি সেলসিয়াস। সোমবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে প্রায় ৩ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫ ডিগ্রি সেলসিয়াস।
সোমবার সকাল সাড়ে আটটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত কলকাতায় মাত্র ০.৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আজ মঙ্গলবারও আকাশ মেঘলা থাকবে এবং বিক্ষিপ্ত বৃষ্টি হবে। এর ফলে তাপমাত্রা স্বাভাবিকের নিচে থাকলেও বাতাসে অতিরিক্ত জলীয় বাষ্পের কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি বা ভ্যাপসা গরম বজায় থাকবে। বৃষ্টি থামলেই চটচটে গরম সাধারণ মানুষকে কিছুটা ভোগাতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। তাই আজ সারাদিন বাইরে বেরোনোর সময় সাথে ছাতা রাখা অত্যন্ত জরুরি।
