নিউজ পোল ব্যুরো: ভোটার তালিকা সংশোধনকে ঘিরে নতুন বিতর্কের মধ্যেই শনিবার পশ্চিমবঙ্গে প্রথম দফার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। কমিশনের তথ্য অনুযায়ী, তালিকা থেকে আরও **৫ লক্ষ ৪৬ হাজার ৫৩ জনের নাম বাদ পড়েছে**। এর আগে এসআইআর–এর খসড়া তালিকায় প্রায় **৫৮ লক্ষ নাম বাদ পড়েছিল। সব মিলিয়ে ২০২৫ সালের তালিকার নিরিখে এখন পর্যন্ত ৬৩ লক্ষেরও বেশি ভোটার বাদ পড়েছেন বলে জানা গিয়েছে। পাশাপাশি প্রায় ৬০ লক্ষ ভোটারের নাম এখনও বিচারাধীন (অ্যাডজুডিকেশন) অবস্থায় রয়েছে।
আরও পড়ুন:Mamata Banerjee : এপ্রিল নয়, ৭ মার্চ থেকেই ‘যুবসাথী’র টাকা! ধর্মতলায় মঞ্চ থেকে বড় ঘোষণা মমতার
এই পরিস্থিতির মধ্যেই কেন্দ্রের সিদ্ধান্তে রান্নার গ্যাসের দাম একধাক্কায় ৬০ টাকা বাড়ানো নিয়ে রাজনৈতিক উত্তাপ আরও বেড়েছে। বিষয়টি নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার ধর্মতলার ধর্নামঞ্চ থেকে তিনি রাজ্যের মহিলাদের অভিনব প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানান। মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, বিজেপি বাংলাকে বিভক্ত করার চেষ্টা করছে এবং “ডবল ইঞ্জিন সরকার” থাকলেই লুঠপাট বাড়ে। গ্যাসের দাম বৃদ্ধির পাশাপাশি ২১ দিন আগে গ্যাস বুক করার নিয়ম নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তার কথায়, “মানুষ ২১ দিন কীভাবে রান্না করবে, সেটা কি আগে ভাবা উচিত ছিল না?”
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole
রবিবার পথে নেমে প্রতিবাদ মিছিল করার ডাক দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। আন্তর্জাতিক মহিলা দিবসের দিন মহিলাদের হাঁড়ি, কড়া, বাটি, ঘটি ও গ্যাস ওভেন হাতে নিয়ে মিছিলে নামার আহ্বান জানিয়ে তিনি বলেন, “গ্যাস নাই, খাবার নাই—এই স্লোগান তুলেই প্রতিবাদ হোক।” একই সঙ্গে ভোটার তালিকা থেকে মহিলাদের নাম বাদ পড়ার অভিযোগও তোলেন মুখ্যমন্ত্রী। তার দাবি, বিয়ের পর পদবি পরিবর্তনের কারণ দেখিয়ে অনেক মহিলার নাম তালিকা থেকে কেটে দেওয়া হয়েছে, যা অন্যায়। রবিবার এই দুই ইস্যুতেই রাজ্যজুড়ে প্রতিবাদ কর্মসূচি পালনের বার্তা দিয়েছেন তিনি।
