নিউজপোল ব্যুরো: চোরবাগানের মর্মান্তিক দুর্ঘটনার পর রাজ্যের সরকারি হাসপাতালের চিকিৎসা পরিষেবা নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্বাস্থ্য ব্যবস্থার কিছু দুর্বলতার কথা স্বীকার করে তিনি জানিয়েছেন, সরকারি হাসপাতালকে বেসরকারি হাসপাতালের সমকক্ষ করে তুলতে আরও সময় প্রয়োজন। একইসঙ্গে জরুরি পরিষেবায় গাফিলতি হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বার্তাও দিয়েছেন তিনি।
স্বাস্থ্য ভবনের কন্ট্রোল রুম পরিদর্শনের সময় মুখ্যমন্ত্রী বলেন, “আমাদের সরকারি হাসপাতাল গুলিতে ব্যর্থতা নয়, কমজোরি আছে।” তাঁর মতে, উন্নত চিকিৎসা পরিষেবা নিশ্চিত করতে পরিকাঠামো এবং স্বাস্থ্য ব্যবস্থার আরও উন্নতি প্রয়োজন।
চোরবাগান দুর্ঘটনার পর চিকিৎসক, নার্স এবং অ্যাম্বুল্যান্স চালকেরা যেভাবে দ্রুত পরিষেবা দিতে এগিয়ে এসেছেন, তার প্রশংসা করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি তিনি বলেন, “এমার্জেন্সি সার্ভিসে যাদের গাফিলতি আছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”
স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নের পরিকল্পনা তুলে ধরে তিনি জানান, প্রতিটি ব্লক স্বাস্থ্যকেন্দ্রে পোর্টেবল এক্স-রে ও আল্ট্রাসোনোগ্রাফি মেশিন বসানোর উদ্যোগ নেওয়া হবে। জেলা হাসপাতালগুলিতে MRI পরিষেবা চালুর পরিকল্পনাও রয়েছে। চিকিৎসক নিয়োগের বিষয়েও পদক্ষেপ করা হবে বলে জানান তিনি।
এছাড়া আগামী ডিসেম্বরে একসঙ্গে ১০০টি প্রধানমন্ত্রী জনৌষধি কেন্দ্র চালুর ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, সরকারি স্বাস্থ্য পরিষেবার মান বাড়িয়ে সাধারণ মানুষের কাছে উন্নত চিকিৎসা পৌঁছে দেওয়াই লক্ষ্য।
