কোলাঘাটে এক ফুচকাওয়ালার কাছ থেকে ফুচকা খেয়ে অসুস্থ বহু মানুষ!

রাজ্য

নিউজপোল ব্যুরো: পুজোর মরশুম মানেই প্যান্ডেল হপিং, নতুন জামাকাপড়, আর অবশ্যই রাস্তার ধারের জিভে জল আনা ফুচকা। এবার সেই রাস্তার জনপ্রিয় খাবার খাওয়ার পর একসঙ্গে বহু মানুষের অসুস্থ হয়ে পড়ার ঘটনায় উদ্বেগ ছড়াল পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে। সাগরবাড় গ্রাম পঞ্চায়েত এলাকার শতাধিক বাসিন্দা অসুস্থ হয়েছেন বলে স্থানীয় সূত্রে খবর। তাঁদের মধ্যে ১০ জনকে পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। অসুস্থদের মধ্যে পাঁচ বছরের শিশু কৃষ্ণেন্দু দিন্ডার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে তমলুক জেলা হাসপাতালে স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রের খবর, গত ১৮ অক্টোবর দক্ষিণ সাগরবাড় গ্রামের সন্তোষ মান্না নামে এক বিক্রেতার কাছ থেকে ফুচকা খাওয়ার পর পদমপুর, দেউলবাড়, রেনুবাড় ও বরদাবাড়ের একাংশের বাসিন্দাদের মধ্যে অসুস্থতার উপসর্গ দেখা দেয়। আক্রান্ত কয়েকজনের বাড়িতে এখনও স্যালাইন চলছে। রতন দিন্ডার পরিবারের ছয় সদস্যও হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গিয়েছে।

ঘটনায় ইতিমধ্যেই দু’জন ফুচকাবিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। অসুস্থদের চিকিৎসা, এলাকায় মেডিক্যাল টিম পাঠানো এবং ফুচকার নমুনা পরীক্ষা করার দাবিতে স্মারকলিপি দেওয়া হয়েছে।

হাসপাতালে রোগীদের দেখতে যান জেলাশাসক নিরঞ্জন কুমার। তাঁর বার্তায় জানানো হয়েছে, নমুনা পরীক্ষার জন্য সিএমওএইচকে নির্দেশ দেওয়া হয়েছে। জেলা পুলিশ সুপারও তদন্তের নির্দেশ দিয়েছেন।