দক্ষিণ ২৪ পরগনার বনেদি বাড়িতে নির্বিঘ্নে সিঁদুর খেলা, মনোরম আবহাওয়ায় বিজয়া উদযাপন

অন্য রকম পূজা

নিউজপোল ব্যুরো:দক্ষিণ ২৪ পরগনা: আজ মহাদশমী,ঊমার কৈলাসে ফেরার পালা ।এই  দশমীতে উৎসবের আবহে মেতে উঠেছে দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন বনেদি বাড়ি। ঐতিহ্য ও পরম্পরা মেনে বিজয়া দশমীতে দেবীবরণ, সিঁদুর খেলা এবং নানা প্রথাগত আচার-অনুষ্ঠান নির্বিঘ্নে সম্পন্ন হচ্ছে। সকাল থেকেই বারুইপুর, জয়নগর, মথুরাপুর ও ডায়মন্ড হারবার সংলগ্ন বিভিন্ন প্রাচীন বনেদি বাড়িতে দেখা গিয়েছে উৎসবের উচ্ছ্বাস।

পুজোর আচার-অনুষ্ঠান শেষে উলুধ্বনি ও শঙ্খধ্বনির মধ্য দিয়ে দেবী দুর্গাকে বরণ করেন মহিলারা। দেবীর কপালে ও চরণে সিঁদুর নিবেদনের পর শুরু হয় চিরাচরিত সিঁদুর খেলা। একে অপরকে সিঁদুর পরিয়ে, মিষ্টিমুখ করিয়ে বিজয়ার শুভেচ্ছা বিনিময় করেন তাঁরা। আনন্দের মধ্যেও মা দুর্গাকে বিদায় জানানোর বিষাদ ছুঁয়ে যায় উপস্থিত ভক্তদের।

দেবীবরণ ও সিঁদুর খেলার পর দর্পণ বিসর্জন এবং প্রতিমা নিরঞ্জনের প্রস্তুতিও শুরু হয়েছে। নদী ও পুকুরঘাটে বিসর্জনকে ঘিরে ভক্তদের মধ্যে রয়েছে আবেগ ও উৎসাহ।

অন্যদিকে, দশমীর মনোরম আবহাওয়া উৎসবের আনন্দ আরও বাড়িয়ে দিয়েছে। বৃষ্টির আশঙ্কা না থাকায় স্বস্তিতে সাধারণ মানুষ ও পুজো উদ্যোক্তারা। সব মিলিয়ে, ঐতিহ্য, আবেগ ও সম্প্রীতির মেলবন্ধনে দক্ষিণ ২৪ পরগনায় পালিত হচ্ছে বিজয়া দশমী।