দশমীতে কেন সিঁদুর খেলায় মাতেন মহিলারা? জানুন এই রীতির নেপথ্যের কাহিনি

কলকাতা রাজ্য

নিউজপোল ব্যুরো:ঢাকের শেষ বোল, উলুধ্বনি আর সিঁদুরের লাল রঙে অন্য এক আবহ তৈরি হয় বিজয়া দশমীতে। আনন্দের দুর্গোৎসব যখন বিদায়ের সুরে বাঁধা পড়ে, তখনই দেবী দুর্গাকে বরণ করে সিঁদুর খেলায় মেতে ওঠেন মহিলারা। কিন্তু এই পরিচিত প্রথার পিছনে কী তাৎপর্য লুকিয়ে রয়েছে?বাঙালির বিশ্বাসে, দুর্গা শুধু দেবী নন, তিনি ঘরের মেয়ে উমা। কয়েক দিনের জন্য বাপের বাড়িতে এসে দশমীতে ফিরে যান কৈলাসে।

বিজয়া দশমীতে দেবী দুর্গাকে বরণ করার পর সিঁদুর খেলায় মাতেন বিবাহিত মহিলারা। পৌরাণিক বিশ্বাস অনুযায়ী, এই দিনই মর্ত্য ছেড়ে কৈলাসে ফিরে যান উমা। তাই বিদায়ের আগে দেবীর সিঁথিতে সিঁদুর পরিয়ে মিষ্টিমুখ করানো হয়। এরপর মহিলারা পরস্পরকে সিঁদুর পরিয়ে স্বামীর দীর্ঘায়ু, অক্ষয় দাম্পত্য ও সংসারের মঙ্গল কামনা করেন। এই রীতি নারীদের মধ্যে সৌভাগ্য, সম্প্রীতি ও আনন্দের বন্ধনও দৃঢ় করে।

প্রচলিত রীতি অনুযায়ী, বিবাহিত মহিলারা প্রথমে দেবীর কপালে ও চরণে সিঁদুর নিবেদন করেন। এরপর একে অপরকে সিঁদুর পরিয়ে বিজয়ার শুভেচ্ছা জানান। হিন্দু ধর্মীয় বিশ্বাসে সিঁদুর বিবাহিত জীবনের সৌভাগ্য, মঙ্গল এবং দাম্পত্যের প্রতীক।

লাল রংকে শক্তি, ভালোবাসা ও সমৃদ্ধির প্রতীক হিসেবেও দেখা হয়। সময়ের সঙ্গে সিঁদুর খেলা ধর্মীয় আচার ছাপিয়ে মিলন ও সম্প্রীতির উৎসবে পরিণত হয়েছে। উমার বিদায়ের মনখারাপের মাঝেও তাই সিঁদুর খেলা ছড়িয়ে দেয় আনন্দের রং।