যারা সমাজকে বিভক্ত করে, তারাই দেশের শত্রু’, দশেরায় কড়া বার্তা মোদীর

দেশ

নিউজপোল ব্যুরো: বিজয়া দশমীর অনুষ্ঠানে দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের সম্মান, সামাজিক সম্প্রীতি এবং সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষার উপর জোর দিয়ে তিনি বলেন, যে শক্তিগুলি সমাজের মধ্যে বিভাজন তৈরি করে এবং দেশের মর্যাদায় আঘাত হানে, তাদের বিরুদ্ধে সকলকে একজোট হতে হবে।

মঙ্গলবার নয়াদিল্লির আইপি এক্সটেনশনের ডিডিএ উৎসব ময়দানে বিজয়া দশমী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। হলুদ কুর্তা ও গলায় তাঁতের উত্তরীয় পরে অনুষ্ঠানে উপস্থিত হন তিনি। এ দিন রাবণের কুশপুত্তলিকা দহনেও অংশ নেন মোদী।

ভাষণে প্রধানমন্ত্রী বলেন, “যে শক্তিগুলো দেশের সম্মানহানি করে, যারা সমাজকে বিভক্ত করে, যারা আমাদের সংস্কৃতিকে ঘৃণা করে, তারাই দেশের শত্রু।”

তিনি আরও বলেন, বিজয়া দশমীর এই শুভক্ষণে দেশবাসীকে নিজেদের সংকল্প নতুন করে মনে করতে হবে। দেশের শত্রুদের চিহ্নিত করে তাদের পরাজিত করার আহ্বান জানান তিনি।

বিজয়া দশমী অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির জয়ের প্রতীক। সেই তাৎপর্যকে সামনে রেখেই দেশের ঐক্য ও সাংস্কৃতিক পরিচয় অটুট রাখার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। তাঁর এই বক্তব্য উৎসবের মঞ্চে জাতীয় সংহতি ও দেশের মর্যাদা রক্ষার বিষয়টিকে ফের সামনে নিয়ে এল।