প্রতিমা স্পর্শ করবেন শুধু সনাতনীরাই! নিরঞ্জনে বিশেষ বিধি, ঘাটে ঘাটে বাড়তি নিরাপত্তা

রাজ্য

নিউজপোল ব্যুরো: চোরবাগান বিপর্যয়ের পর দুর্গাপ্রতিমা নিরঞ্জন ঘিরে বাড়তি সতর্কতা অবলম্বন করছে প্রশাসন। কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন ঘাটে নবমীর রাত থেকেই শুরু হয়েছে প্রস্তুতি। দশমীর সকালে বাজে কদমতলা ঘাটে গিয়ে নিরঞ্জনের ব্যবস্থাপনা খতিয়ে দেখেন শুভেন্দু অধিকারী। সেখানেই নিরাপত্তা ও নিরঞ্জনের নিয়মকানুন নিয়ে একাধিক নির্দেশ দেওয়ার কথা জানা গিয়েছে।

প্রতিমা নিরঞ্জনের সময় কে প্রতিমা স্পর্শ করতে পারবেন, তা নিয়েও বিশেষ বিধির কথা উল্লেখ করা হয়েছে। সংশ্লিষ্ট বক্তব্য অনুযায়ী, প্রতিমা স্পর্শ করতে পারবেন শুধুমাত্র সনাতনীরা। এই নিয়ম কার্যকর করতে কলকাতার পুলিশ কমিশনারকে তালিকা তৈরির নির্দেশ দেওয়ার কথাও জানানো হয়েছে। নিরঞ্জনে কারা অংশ নিচ্ছেন এবং কারা প্রতিমা নিয়ে ঘাটে আসছেন, সেই বিষয়ে নজর রাখা হবে।মুখ্যমন্ত্রীর বলেন, “পবিত্রতা রাখতে গেলে যা আমাদের পরম্পরা যা নিয়ম যা শাস্ত্র যা হাজার হাজার বছর ধরে হয়ে চলছে সেটাই আমাদেরকে মেনে চলতে হবে। ধর্মীয় অনুষ্ঠানের ঐতিহ্যকে ঠিক ঠাক রাখা উচিত। মাকে নিরঞ্জনের সময় যারা নিয়ে যাবে সিপিকে বলা হয়েছে নাম পরিচয় নথিভুক্ত রাখা। যারা সনাতন ধর্ম মানেন তারাই প্রতিমাকে হাত দেবেন এতে কোন‌ সাম্প্রদায়িকতা নেই।”

নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে বিভিন্ন ঘাটে মোতায়েন করা হচ্ছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী বা NDRF। বিশেষ নজর রাখা হচ্ছে টাকিতেও। ইছামতী নদীতে নিরঞ্জন দেখতে বহু মানুষের সমাগম হওয়ায় সেখানে অতিরিক্ত পুলিশি ব্যবস্থার কথা জানানো হয়েছে।

এদিকে, গঙ্গার দূষণ নিয়ন্ত্রণের পাশাপাশি নিরঞ্জনের প্রক্রিয়াকে আরও সুশৃঙ্খল করতে এবার ট্রলির ব্যবস্থার কথাও বলা হয়েছে। প্রশাসনের লক্ষ্য, নিরাপত্তা বজায় রেখে নির্বিঘ্নে সম্পন্ন করা প্রতিমা নিরঞ্জন।