২০২৯ সালের মধ্যে দেশকে মাদকমুক্ত করার লক্ষ্য, বড় ঘোষণা অমিত শাহের

দেশ

নিউজপোল ব্যুরো: মাদকাসক্তির দেশের উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতির পথে বড় বাধা হয়ে উঠতে পারে। এই বিপদের মোকাবিলায় এবার নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিল কেন্দ্রীয় সরকার। ২০২৯ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে ভারতকে সম্পূর্ণ মাদকমুক্ত করার লক্ষ্যমাত্রা ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বুধবার দিল্লিতে পুলিশ স্মরণ দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে দেশের সমস্ত রাজ্যের পুলিশ বাহিনীকে এই লড়াইয়ে একযোগে সামিল হওয়ার আহ্বান জানান তিনি।

দিল্লির জাতীয় পুলিশ স্মৃতিসৌধে কর্তব্যরত অবস্থায় প্রাণ হারানো পুলিশকর্মীদের প্রতি শ্রদ্ধা জানান শাহ। দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষায় পুলিশ ও নিরাপত্তা বাহিনীর অবদানের প্রশংসা করে তিনি বলেন, তাঁদের সাহস ও আত্মত্যাগ দেশের নিরাপত্তাকে শক্তিশালী করেছে।

মাদক নির্মূলের পরিকল্পনা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ২০২৬ সালের বাকি সময় থেকে শুরু করে ২০২৭, ২০২৮ এবং ২০২৯ সাল জুড়ে এই অভিযান চালানো হবে। তাঁর মতে, মাদকের প্রভাব শুধু ব্যক্তি বা পরিবারের মধ্যে সীমাবদ্ধ নয়, দেশের অর্থনীতির উপরেও এর নেতিবাচক প্রভাব পড়তে পারে।

এদিন নকশাল দমন, কাশ্মীরের নিরাপত্তা পরিস্থিতি এবং উত্তর-পূর্ব ভারতে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রেও নিরাপত্তা বাহিনীর ভূমিকার প্রশংসা করেন শাহ। পাশাপাশি, পশ্চিমবঙ্গ-সহ বিভিন্ন রাজ্যে নির্বাচনী হিংসা নিয়ন্ত্রণে পুলিশের ভূমিকা নিয়েও মন্তব্য করেন তিনি।