নিউজপোল ব্যুরো: দুর্গাপুজোর আনন্দে আর কোনও অপ্রীতিকর ঘটনা যাতে বিষাদ ডেকে না আনে, সেই লক্ষ্যেই বিসর্জন পর্বে নিরাপত্তা জোরদার করছে প্রশাসন। চোরবাগানের মর্মান্তিক দুর্ঘটনার পর বিশেষ সতর্ক কলকাতা পুলিশ ও রাজ্য প্রশাসন। প্রতিমা নিরঞ্জন নির্বিঘ্নে সম্পন্ন করতে কলকাতা-সহ চারটি শহরে নজরদারির দায়িত্ব দেওয়া হয়েছে ১৮ জন আইপিএস আধিকারিককে।
রাজ্য পুলিশের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, ২১ অক্টোবর দশমী থেকে ২৪ অক্টোবর পর্যন্ত বিসর্জন পরিস্থিতির উপর নজর রাখবেন এই আধিকারিকরা। কলকাতা পুলিশ এলাকায় দায়িত্ব সামলাবেন ১২ জন আইপিএস। বাকি ছ’জনকে দায়িত্ব দেওয়া হয়েছে হাওড়া, বারাকপুর ও চন্দননগরে। প্রতিদিনের দায়িত্বও নির্দিষ্ট করে ভাগ করে দেওয়া হয়েছে।
বিশেষ করে বিসর্জন ঘাট এবং সংলগ্ন এলাকায় ভিড় নিয়ন্ত্রণ, নিরাপত্তা ও অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে। উৎসবের শেষ পর্বে যাতে কোনও বিশৃঙ্খলা তৈরি না হয়, তা নিশ্চিত করাই প্রশাসনের লক্ষ্য।
উল্লেখ্য, গত ১৭ অক্টোবর সপ্তমীর সন্ধ্যায় উত্তর কলকাতার চোরবাগান সর্বজনীন দুর্গাপুজো মণ্ডপে পদপিষ্ট হওয়ার ঘটনায় ১৯ জন দর্শনার্থীর মৃত্যু হয়েছিল। ওই ঘটনার তদন্তে কলকাতা পুলিশ সিট গঠন করেছে। এখনও পর্যন্ত গ্রেফতার হয়েছেন ছ’জন।
