নিউজ পোল ব্যুরো:২০১৬ সালের শিক্ষক নিয়োগের বেনিয়ম নিয়ে যখন কলকাতা হাইকোর্টে মামলা চলছিল,তখন সেই মামলার রায় দিয়ে সারা রাজ্যে চর্চায় এসেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay on SSC scam)।তাঁর রায়ের ভিত্তিতেই বাতিল হয়েছিল তৎকালীন তৃণমূল বিধায়ক পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা অধিকারীর চাকরি।সেই সময় থেকেই নিয়োগ দুর্নীতির অন্ধকার দিক সামনে এসেছিল।এবার ফের সেই নিয়োগ দুর্নীতি প্রসঙ্গে সরব হলেন প্রাক্তন বিচারপতি।
আরও পড়ুন:https://thenewspole.com/2025/08/31/shanta-dutta-bratya-basu-kolkata-university-exam-controversy/
শনিবার রাতে সুপ্রিম কোর্টের নির্দেশে স্কুল সার্ভিস কমিশন অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে। সেখানে ১৮০৬ জনের নাম থাকলেও অভিজিৎ গঙ্গোপাধ্যায় মনে করছেন, প্রকৃত সংখ্যা এর চেয়ে অনেক গুণ বেশি। তাঁর বক্তব্য অনুযায়ী, অন্তত পাঁচ থেকে ছ’হাজার অযোগ্য প্রার্থী নিয়োগ পেয়েছিলেন। অথচ সেই সমস্ত নাম তালিকায় নেই।
অভিজিৎবাবুর অভিযোগ, বহু ক্ষেত্রে ওএমআর শিটে নম্বর বদল করা হয়েছে। এমনকি অনেকে পরীক্ষায় না বসেও চাকরি পেয়েছেন। নিয়োগের মেয়াদ শেষ হওয়ার পরও সুপারিশ করে নিয়োগপত্র দেওয়া হয়েছে কিছু প্রার্থীকে। আবার এসএসসি যতজন প্রার্থীকে সুপারিশ করেছিল, তার থেকেও বেশি সংখ্যক প্রার্থীকে চাকরিতে নিয়োগ দেওয়া হয়েছে। অথচ শনিবার প্রকাশিত তালিকায় এই সব বেনিয়মের প্রতিফলন ঘটেনি। তালিকায় কোথাও উল্লেখ নেই যে অযোগ্য প্রার্থীরা কোন কোন স্কুলে কর্মরত ছিলেন।
তাঁর দাবি, সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল পূর্ণ স্বচ্ছতা বজায় রেখে অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে। কিন্তু রাজ্য সেই নির্দেশ মানেনি। তাঁর কথায়, “সুপ্রিম কোর্টকে পর্যন্ত ভাঁওতা দেওয়া হচ্ছে। এই তালিকার উপর কোনওভাবেই নির্ভর করা যায় না।”
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay on SSC scam) আরও আশঙ্কা প্রকাশ করেছেন, নতুন করে দুর্নীতি ঘটার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। তাই ভবিষ্যতে পরীক্ষার সময় প্রশ্নপত্র ও ওএমআর শিট সরবরাহ থেকে শুরু করে নিরাপদ কভারে সংরক্ষণ ও পরিবহণের দায়িত্ব কমিশনের হাতে না রেখে কোনও নিরপেক্ষ সংস্থার হাতে তুলে দেওয়ার কথাও বলেন তিনি।তাঁর মতে,সুপ্রিম কোর্টের উচিত এই বিষয়ে দ্রুত হস্তক্ষেপ করা।রাজনৈতিক মহল মনে করছে,প্রাক্তন বিচারপতির এই মন্তব্য কেবল অযোগ্যদের তালিকা নয়,সমগ্র নিয়োগ দুর্নীতির কাহিনিকেই আবারও নতুনভাবে সামনে টেনে আনল।প্রশ্ন উঠছে,রাজ্য সরকার কি সত্যিই স্বচ্ছতার সঙ্গে আদালতের নির্দেশ মানছে,নাকি এখনও আরও বড় কেলেঙ্কারি আড়ালে রেখে দেওয়া হচ্ছে।
