নিউজ পোল ব্যুরো: শীতকালীন অধিবেশন শুরুর ঠিক আগেই আবারও রাজনৈতিক তাপমাত্রা বাড়ল কেন্দ্রীয় রাজনীতিতে। অধিবেশন শুরুর আগে কংগ্রেস-সহ অন্যান্য বিরোধীদের নজিরবিহীনভাবে আক্রমণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার অভিযোগ, বিরোধীরা সংসদকে নাটকের মঞ্চে পরিণত করছে। কাজের জায়গায় নাটক বন্ধ করে নীতি ও কার্যকারিতায় জোর দেওয়া উচিত। প্রধানমন্ত্রীর এই মন্তব্য ঘিরেই তুঙ্গে উঠেছে বিতর্ক। পালটা কটাক্ষে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস ও কংগ্রেস—দুটি শিবিরই দাবি করেছে, জনগণের প্রশ্নকে নাটক বলে দাগিয়ে দেওয়া গণতান্ত্রিক আচরণ নয়।
আরও পড়ুন: WB Liquor Price Hike: শীতের সকালে তিক্ত খবর! বাড়ল মদের দাম , পকেটে চাপ বাড়বে কত?
তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথম থেকেই এসআইআর নিয়ে সরব। মহেশতলায় একটি সেবাশিবিরের উদ্বোধনে তিনি তীব্র সুরে বলেন, “এসআইআর-এ ইতিমধ্যেই ৪০ জনের মৃত্যু হয়েছে। এই বিপর্যয় নিয়ে প্রশ্ন তুললেই তাকে নাটক বলা হবে কেন? মানুষের প্রাণহানিকে ড্রামা বলে দাগিয়ে দিচ্ছে বিজেপি।” তিনি কমিশনের তাড়াহুড়ো নিয়েও প্রশ্ন তোলেন এবং আদালতে যাওয়ার হুঁশিয়ারি দেন। অভিষেকের কথায়, বিজেপির পক্ষেই বরং নাটক করার অভিযোগ উঠে আসছে। এই একই ইস্যুতে কংগ্রেসও মুখ খুলেছে। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এক্স-এ লেখেন, গত ১১ বছরে সংসদীয় রীতি ভঙ্গের দৃষ্টান্ত স্থাপন করেছে কেন্দ্রীয় সরকার। তার দাবি, কোনও আলোচনা ছাড়াই অন্তত ১২টি বিল পাশ করানো হয়েছে, যা গণতান্ত্রিক শিষ্টাচারকে আঘাত করে। অন্যদিকে, প্রিয়াঙ্কা গান্ধীও সোচ্চার হন। তাঁর বক্তব্য, দূষণ, এসআইআর বা জনজীবনের সঙ্গে জড়িত গুরুত্বপূর্ণ প্রশ্ন তুললেই যদি ‘নাটক’ বলা হয়, তবে তা গণতন্ত্রের প্রতি অবমাননা। তিনি জোর দিয়ে বলেন, “জনপ্রতিনিধিদের জনগণের সমস্যা নিয়ে কথা বলতে না দেওয়াটাই প্রকৃত নাটক।”
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole
রাজনৈতিক বিশ্লেষকদের মত, এই সকল ইস্যু আগামী শীতকালীন অধিবেশনে তীব্রভাবে প্রতিধ্বনিত হবে। ফলে অধিবেশন শুরু হওয়ার আগেই তপ্ত পরিবেশ তৈরি করে দিল এই তীব্র বাকযুদ্ধ। বিরোধীরা স্পষ্ট জানিয়ে দিয়েছে জনগণের কথা বলা তাদের সাংবিধানিক দায়িত্ব, আর কেন্দ্র যদি সেটাকেই নাটক বলে দাগিয়ে দেয়, তবে তারা আরও আক্রমণাত্মক অবস্থান নেবে।
